23/07/2026
ক্যাম্পাসে এখন ভারি নীরবতা। বর্ষাকালের এই আট দিনের ছুটিতে ফিরনাস-৩৯ পরিবারের পরিচিত মুখগুলো একে একে মিলিয়ে যাচ্ছে। কেউ বাড়ি ফিরে গেছে, কেউ দূরপাল্লার বাসে বা ট্রেনে জানালার পাশে বসে গন্তব্যে ছুটছে। কেউ যাওয়ার জন্য অপেক্ষা করছে, আর কেউ কেউ ক্যাম্পাসের এই নিস্তব্ধ দিনগুলোতে থেকে যাচ্ছে একা, একাকিত্বকে সঙ্গী করে।
আগামী আট দিন আমাদের কোনো ক্লাস নেই। করিডোরে কারও পায়ের শব্দ পাওয়া যাবে না। পরিচিত মুখগুলোর সাথে দেখা হবে না, ক্লাসের পেছনের বেঞ্চে বসে যে খুঁনসুটিতে জীবন মেতে উঠত, তা থমকে থাকবে কিছুদিনের জন্য। ভাবতেই বুকের গহীনে কোথাও যেন একটা মোচড় দিয়ে ওঠে।
অথচ কত অল্প দিনের পরিচয় আমাদের! আমরা তো ছিলাম ভিন্ন ভিন্ন পথের আর বিচিত্র সব মতের মানুষ। কিন্তু ফিরনাস-৩৯ পরিবার আমাদের এমন এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলেছে, যা এখন আর ছিঁড়ে ফেলা যাবে না। আমরা কজন এখন আর আলাদা মানুষ নই।আমরা যেন এক আত্মা, এক প্রাণ।
ছুটি শেষ হবে, বর্ষার মেঘ কেটে যাবে, আর আমরা আবার ফিরে আসব তেইশশো একরের সবুজ ক্যাম্পাসে । আবার একসাথে ছুটব স্বপ্নের মতো সুন্দর এক জীবনের গন্তব্যে। দিন বদলাবে, সময় গড়াবে, কিন্তু আমাদের এই ভালোবাসার বন্ধন যেন ঠিক এভাবেই অটুট থাকে আজীবন।
Firnas-39