26/10/2019
#ফজর নামাজের সুন্নাত নিয়ে আলেমগণের মাঝে মতভেদ রয়েছে। প্রায়ই দেখি বিষয়টি নিয়ে সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পতিত হোন, নিচের প্রবন্ধটি পড়লে ইনশাল্লাহ এ ব্যাপারে শতভাগ স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব। দ্বীনকে সহজ করার স্বার্থে নিজে পড়ুন অন্যকে পড়ার সুযোগ করে দিন।
#ফজর নামাজের দুই রাকাত সুন্নাত
তাহকিক: ইমরান মাহমুদ
বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াস-সালাতু ওয়াস-সালামু ’আলা রসুলিল্লাহ- অতপর
ফরয সালাতের পর ফজরের দুই রাকাত সুন্নত সবচেয়ে গুরুত্বপূর্ণ।
عَنْ عَائِشَةَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: رَكْعَتَا الْفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا . رَوَاهُ مُسْلِمٌ
‘আয়িশাহ্ (রাঃ) থেকে এ হাদীসটিও বর্ণিত। তিনি বলেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ ফাজ্রের ফজরের দু’ রাক্‘আত সুন্নাত সালাত দুনিয়া ও দুনিয়ার সকল জিনিসের চেয়ে বেশী উত্তম। (মুসলিম ও মিশকাত: কিতাবুস সালাত- ১১৬৪)
عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمْ يَكُنِ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى شَىْءٍ مِنَ النَّوَافِلِ أَشَدَّ مِنْهُ تَعَاهُدًا عَلَى رَكْعَتَىِ الْفَجْرِ.
আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নফল সালাত (নামায/নামাজ)-কে ফজরের দু’ রাকা’আত সুন্নাতের ন্যায় অধিক হিফাযত ও গুরুত্ব প্রদানকারী ছিলেন না। (বুখারি: ১১০০)
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
لا تدعوهما، وإن طردتكم الخيل
তোমরা এই দুই রাকাত কখনো ত্যাগ করো না, শত্রুবাহিনী তোমাদের তাড়া করলেও।(সুনানে আবু দাউদ, হাদীস: ১২৫৮)
যদিও উক্ত সুন্নাত সালাতের গুরুত্ব ও ফজিলত নিয়ে কারোর মধ্যে কোন ভিন্নমত দেখা যায়না। কিন্তু হাদীসের বর্ণনা ও সাহাবীদের প্র্যাক্টিসের আলোকে উক্ত গুরুত্বপূর্ণ বিধানটির ব্যাপারে বর্তমান সময়ের শরিয়ত বিশেষজ্ঞগণ ভিন্ন মতামত পেশ করে থাকেন। উক্ত প্রবন্ধে নিম্নে উল্লেখিত কিছু প্রশ্নের আলোকে ফজরের সুন্নত এর সাথে সংশ্লিষ্ট মতবিরোধপূর্ণ বিষয়সহ সকল মৌলিক আলোচনাসমূহ সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরা হবে।
ক. ফজরের সুন্নত পড়ার উত্তম স্থান কোনটি?
খ. কোন সময়ে ফজরের সুন্নাত পড়তে হয়?
গ. ফজরের সুন্নাতে কি ধরণের কিরাআত উত্তম?
ঘ. যদি কোন কারণে কখনো ফজরের সুন্নাত ছুটে যায়, তা কখন আদায় করতে হবে?
ঙ. ফজরের ফরয সালাতের ইকামত হয়ে গেলে ফজরের সুন্নাত পড়া যাবে কি না? নাকি জামায়াতে অংশগ্রহণ করা আবশ্যক?
মুয়াজ ইবনে জাবালের সেই প্রখ্যাত হাদীসের মাধ্যমে প্রবন্ধের মূল আলোচনা শুরু করতে চাই। কেননা উক্ত হাদীসটি বিশেষজ্ঞদের নিকট ইসলামী শরিয়তের মৌলিক নীতিমালা নির্ধারণে সবচেয়ে স্পষ্ট বক্তব্য হিসেবে গৃহীত।
عن الحارث بن عمرو ابن أخي المغيرة بن شعبة عن أناس من أهل حمص من أصحاب معاذ بن جبل: أن رسول الله صلى الله عليه وسلم لما أراد أن يبعث معاذا إلى اليمن قال: كيف تقضي إذا عرض لك قضاء؟ قال: أقضى بكتاب الله، قال فإن لم تجد في كتاب الله؟ قال فبسنة رسول الله صلى الله عليه وسلم، قال فإن لم تجد في سنة رسول الله صلى الله عليه وسلم ولا في كتاب الله؟ قال أجتهد رأيي ولا آلو؟ فضرب رسول الله صلّى الله عليه وسلّم صدره وقال: الحمد لله الذي وفّق رسول رسول الله لما يُرضي رسول الله.
রাসূল (সা.) মুয়াজ ইবনে জাবালকে জিজ্ঞেস করলেন, তুমি ইয়েমেনে গভর্নর হিসেবে কীভাবে শাসন কার্য পরিচালনা করবে এবং কীভাবে ফয়সালা করবে? মুয়াজ জবাব দিলেন, কোরআন অনুযায়ী। রাসূল (সা.) আবার জিজ্ঞেস করলেন, তুমি যদি কোনো বিষয়ের সমাধান পরিষ্কারভাবে কোরআনে না পাও, তাহলে কী করবে? মুয়াজ জবাব দিলেন তখন রাসূলের সুন্নত অনুযায়ী ফয়সালা করব। এরপর রাসূল (সা.) আবার জিজ্ঞেস করলেন, কোনো ইস্যুর পরিষ্কার সমাধান যদি কোরআন বা সুন্নতে না পাও, তাহলে কী করবে? তখন মুয়াজ বললেন, আমি নিজেই ইজতেহাদ করে ফয়সালা করব। তখন রাসূল (সা.) অত্যন্ত খুশি হয়ে বললেন, সে আল্লাহর প্রশংসা যিনি তার রাসূলের রাসূলকে এমন যোগ্যতা দিয়েছেন যে, যাতে তার রাসূল সন্তুষ্ট। (মুসনাদের আহমদ)
উক্ত হাদীসের মাধ্যমে শরীয়ত বিশেষজ্ঞগণের ঐক্যমত (ইজমা: যা শরীয়তের তৃতীয় উৎস) পোষণ করেছেন, যদি কোন বিষয়ে কোরান ও হাদীসের স্পষ্ট বক্তব্য পাওয়া যায় তাহলে উক্ত বক্তব্যের আলোকেই শরীয়তের বিধান প্রণীত হবে। যদি কোন বিষয়ে কোরান ও হাদীসের স্পষ্ট বক্তব্য না পাওয়া যায় তাহলে সাহাবীদের প্র্যাক্টিস অনুসরণ করতে হবে। যদি তাও না পাওয়া যায় তখন সমসাময়িক বিশেষজ্ঞদের ফতোয়া গ্রহণযোগ্য হবে। এই ব্যাপারে ইমাম ’আজম আবু হানিফার মূলনীতিকে আমরা প্রমাণ হিসেবে পেশ করতে পারি। তিনি বলেন,কোন মাসআলার ব্যাপারে আমি আল্লাহর কিতাবের বর্ণনা পেলে আমি গ্রহণ করেছি। তা না পেলে বিশ্বস্ত রাবির সূত্রে রাসূলের সুন্নাহকে গ্রহণ করেছি। কোরান ও সুন্নাহর কোথাও না পেলে আমি সাহাবাদের উক্তিকে গ্রহণ করেছি। এক্ষেত্রে সাহাবাদের একাধিক মতামত থাকলে আমার বিবেচনামতে তাদের কারোর উক্তি গ্রহণ করেছি আর কারোর উক্তি পরিত্যাগ করেছি। তাদের ব্যতিত অন্য কারোর উক্তি আমি গ্রহণ করিনি। তবে মাসআলার বিষয়টি যদি শেষ পর্যন্ত ইব্রাহিম নাখঈ,শা’বি, হাসান আল বসরি,সাঈদ ইবনে মুসাইয়্যাব প্রমুখ তাবেঈদের উক্তির দিকে ধাবিত করতে হয় তাহলে সেক্ষেত্রে আমার নিজের ইজতিহাদ করার অধিকার রয়েছে যেভাবে তারা ইজতিহাদ করেছেন। (মুহাম্মদ রুহুল আমীন, ইসলামী আইনের উৎস,মাসালিহ মুরসালাহ, পৃ.১৫১)
উপরোক্ত হাদীস ও ইমাম আজমের বক্তব্যকে মানদন্ড ধরে আমরা আমাদের আলোচনা পুরোপুরি শুরু করব। তাই উপরে উল্লেখিত প্রশ্নসমূহের কোন উত্তর যদি সরাসরি কোরানে পাওয়া যায় তাহলে আমরা প্রথমে কোরানের বক্তব্যকে তুলে ধরব। কোরআনের বক্তব্য না পাওয়া গেলে আমরা হাদীস পেশ করব। এভাবে প্রয়োজনের আলোকে শরীয়তের প্রমাণিত সূত্র অনুযায়ী কোরান,সুন্নাহ,সাহাবাদের বক্তব্য ও তৎপরবর্তী বিশেষজ্ঞদের বক্তব্য ধারাবাহিকভাবে আমরা তুলে ধরব।
ক. ফজরের সুন্নত পড়ার উত্তম স্থান কোনটি?
এই প্রশ্নের সহজ উত্তর - রাসূল (সা) যেখানে উক্ত সুন্নাত আদায় করতেন সেই জায়গাই হলো সবচেয়ে উত্তম জায়গা।
وَعَنْ عائشة قَالَتْ: كَانَ النَّبِيُّ ﷺ إِذَا صَلّى رَكْعَتَيِ الْفَجْرِ اضْطَجَعَ عَلى شِقَّهِ الْأَيْمَنِ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজ্রের দু’ রাক্‘আত (সুন্নাত) সলাত আদায় করে নিজের ডান পাঁজরের উপর শুয়ে যেতেন। (বুখারী, মুসলিম ও মিশকাত: ১১৯০)
وَعَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ ﷺ إِذَا صَلّى رَكْعَتَيِ الْفَجْرِ فَإِنْ كُنْتُ مُسْتَيْقِظَةً حَدَّثَنِىْ وَإِلَّا اضْطَجَعَ. رَوَاهُ مُسْلِمٌ
‘আয়িশাহ্ (রাঃ) থেকেই এ হাদীসটিও বর্ণিত হয়েছে। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজ্রের সুন্নাত সলাত আদায়ের পর যদি আমি সজাগ হয়ে উঠতাম তাহলে আমার সঙ্গে কথাবার্তা বলতেন। আর আমি ঘুমে থাকলে তিনি শয়ন করতেন। (মুসলিম ও মিশকাত : ১১৮৯)
উপরের দুইটি হাদীসের ভিত্তিতে বলা যায় রাসূল (সা) ফজরের দুই রাকাত সুন্নাত তার নিজ ঘরে আদায় করতেন। কেননা উপরের দুইটি হাদীসের সারমর্ম হলো রাসূল সুন্নাত আদায় করে ডান পাঁজরে শুয়ে পড়তেন। তবে নামাজ শেষ করার সাথে সাথে যদি রাসূলের স্ত্রী আয়েশা জেগে উঠতেন তাহলে তার সাথে কথাবার্তা বলতেন নতুবা ডান কাত হয়ে শুয়ে যেতেন। তাছাড়া, অন্যান্য হাদীসের আরো বক্তব্য হলো- মুয়াজ্জিন বেলাল (রা) জামাতের পূর্বে রাসূল (সা) ডেকে দিতেন তিনি ঘুম থেকে উঠে মসজিদে এসে নামাজে দাঁড়াতেন।
খ. কোন সময়ে ফজরের সুন্নাত পড়তে হয়?
এই ব্যাপারে হযরত ইবনে উমর বলেন,
قَالَ حَدَّثَنِي نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ، حَدَّثَهُ أَنَّ حَفْصَةَ حَدَّثَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ بَيْنَ النِّدَاءِ وَالإِقَامَةِ مِنْ صَلاَةِ الصُّبْحِ .
নাফে (র) ইবনে উমর (রাঃ) থেকে বর্ণনা করেন, হাফসা (রাঃ) তাঁকে বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আযান এবং ইকামাতের মধ্যবর্তী সময়ে সংক্ষিপ্তভাবে দু’রাকআত ফজরের সুন্নাত আদায় করতেন। (ইফাবা থেকে প্রকাশিত নাসাঈ:১৭৭২)
গ. ফজরের সুন্নাতে কি ধরণের কিরাআত উত্তম?
عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُخَفِّفُ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ قَبْلَ صَلاَةِ الصُّبْحِ حَتَّى إِنِّي لأَقُولُ هَلْ قَرَأَ بِأُمِّ الْكِتَابِ.
আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের (ফরয) সালাতের আগের দু’ রাকা’আত (সুন্নাত) এত সংক্ষিপ্ত করতেন এমনকি আমি (মনে মনে) বলতাম, তিনি কি (শুধু) উম্মুল কিতাব (সূরা ফাতিহা) তিলাওয়াত করলেন? (ইফাবা থেকে প্রকাশিত বুখারি: ১১০২)
عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ مَا أُحْصِي مَا سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَفِي الرَّكْعَتَيْنِ قَبْلَ صَلَاةِ الْفَجْرِ بِـ ﴿قُلْ يَا أَيُّهَا الْكَافِرُوْنَ﴾ وَ ﴿قُلْ هُوَ اللّهُ أَحَدٌ﴾. رَوَاهُ التِّرْمِذِيُّ
‘আবদুল্লাহ ইবনু মাস্‘ঊদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি গুণে শেষ করতে পারব না যে, আমি কত বার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মাগরিবের সলাতের পরের ও ফাজরের সলাতের আগের দু’ (রাক্‘আত) সুন্নাতে ‘‘কুল ইয়া- আইয়্যুহাল কা-ফিরূন’’ (সূরাহ্ আল কা-ফিরূন) ও ‘‘কুল হুওয়াল্ল-হু আহাদ’’ (সূরাহ্ ইখলাস) তিলাওয়াত করতে শুনেছি। (তিরমিযী ও মিশকাত: ৮৫১)
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ كَثِيرًا، مِمَّا كَانَ يَقْرَأُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَكْعَتَىِ الْفَجْرِ بِـ ( آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا ) هَذِهِ الآيَةَ قَالَ هَذِهِ فِي الرَّكْعَةِ الأُولَى وَفِي الرَّكْعَةِ الآخِرَةِ بِـ ( آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ ) .
আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় ফজরের দুই রাকাত নামাযের (সুন্নাত) প্রথম রাকাতে “আমান্না বিল্লাহি ওয়ামা উনযিলা ইলাইনা” এবং দ্বিতীয় রাকাতে “আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিয়ান্না মুসলিমুন” এই আয়াতদ্বয় পাঠ করতেন। (মুসলিম, নাসাই ও আবু দাউদ: ১২৫৯)
ঘ. যদি কোন কারণে কখনো ফজরের সুন্নাত ছুটে যায়, তা কখন আদায় করতে হবে?
عَنْ قَيْسِ بْنِ عَمْرٍو، قَالَ رَأَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلاً يُصَلِّي بَعْدَ صَلاَةِ الصُّبْحِ رَكْعَتَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " صَلاَةُ الصُّبْحِ رَكْعَتَانِ " . فَقَالَ الرَّجُلُ إِنِّي لَمْ أَكُنْ صَلَّيْتُ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ قَبْلَهُمَا فَصَلَّيْتُهُمَا الآنَ . فَسَكَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم .
কায়েস ইবন আমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান যে, এক ব্যাক্তি ফজরের ফরয নামায আদায়ের পর দুই রাকাত নামায আদায় করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামায দুই রাকাত। তখন ঐ ব্যাক্তি বলেন, আমি ইতিপূর্বে ফজরের দুই রাকাত সুন্নাত আদায় করতে পারিনি, তা এখন আদায় করছি। তাঁর কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরব থাকেন। (তিরমিযি,ইবন মাজাহ ও আবু দাউদ: ১২৬৭)
রসূলের এমন নিরব থাকা অনুমোদন এর সমপর্যায়; যা সবার কাছেই স্পষ্ট। উক্ত হাদীসকে নিচের হাদীসটি আরো বেশি জোরপ্রদান করে
عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ جَدِّهِ، قَيْسٍ قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأُقِيمَتِ الصَّلاَةُ فَصَلَّيْتُ مَعَهُ الصُّبْحَ ثُمَّ انْصَرَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَوَجَدَنِي أُصَلِّي فَقَالَ " مَهْلاً يَا قَيْسُ أَصَلاَتَانِ مَعًا " . قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَمْ أَكُنْ رَكَعْتُ رَكْعَتَىِ الْفَجْرِ . قَالَ " فَلاَ إِذًا " .
মুহাম্মাদ ইবনু ইবরাহীম হতে তার দাদা কাইস (রাঃ)-এর সূত্রে বর্ণিত আছে, তিনি (কাইস) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (নিজের ঘর হতে) বেরিয়ে আসলেন, অতঃপর নামাযের ইকামাত দেওয়া হল। আমি তার সাথে নামায আদায় করলাম। নামায হতে অবসর হয়ে তিনি আমাকে নামাযরত অবস্থায় দেখলেন। তিনি বললেনঃ হে কাইস, থামো! তুমি কি দুই নামায একত্রে আদায় করছ? আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি ফজরের দুই রাকাআত সুন্নাত আদায় করতে পারিনি। তিনি বললেনঃ তাহলে কোন দোষ নেই (পড়ে নাও)। ( ইবনু মাজাহ :১১৫১, তিরমিযি: ৪২২)
কিন্তু প্রশ্ন হলো, উপরের দুইটি স্পষ্ট হাদীস থাকার পরও কেন শরিয়তের অনেক বিশেষজ্ঞগণ ফজরের সুন্নাত কোনভাবে যদি ছুটে যায় তাহলে সূর্য উদয়ের পর আদায় করার জন্য ফতোয়া প্রদান করেন? তারা রাসূলের একটি হাদীসকে প্রমাণ হিসেবে পেশ করেন- ফজরের ফরয সালাতের পর সূর্য উদয়ের পূর্বে কোন সালাত নেই।
حَدَّثَنَا يَزِيدُ بْنُ الْحَسَنِ الْبَزَّازُ ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْحَسَّانِيُّ ، ثَنَا وَكِيعٌ ، ثَنَا سُفْيَانُ ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادِ بْنِ أَنْعُمَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " لَا صَلَاةَ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ إلَّا رَكْعَتَيْنِ
ইয়াযীদ ইবনুল হুসাইন আল-বায্যায (রহঃ) ... আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ফজরের সুন্নাত নামাযের পর দুই রাকআত (ফরয) নামায ব্যতীত অন্য কোন নামায নেই। (দারে কুতনি: ১৫২১)
উক্ত হাদীসটির উপর ভিত্তি করে তারা ফাওত/ছুটে যাওয়া সুন্নাতকে সূর্যউদয়ের পর আদায় করার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন। তবে উল্লেখিত হাদীসসমূহের দুই ধরণের বক্তব্যকে খুব সহজেই সমন্বয় করা সম্ভব। যেমন, রাসূল (সা) সাধারণভাবে নিষেধ করেছেন যে ফজরের ফরযের পর সূর্যউদয়ের পূর্বে কোন সালাত নেই। তবে বিশেষ প্রয়োজন তথা কারোর যদি ফজরের সুন্নাত ছুটে যায় তাহলে তা পড়তে পারবে; যা রাসূল নিজেই অনুমোদন দিয়েছেন। তাহলে হাদীসের দুইটি বক্তব্যকে একসাথে করে বলা যায়, ফজরের সুন্নাত ব্যতিত সূর্য উদয়ের পূর্বে অন্য কোন সালাত নেই।
ঙ. ফজরের ফরয সালাতের ইকামত হয়ে গেলে ফজরের সুন্নাত পড়া যাবে কি না? নাকি জামায়াতে অংশগ্রহণ করা আবশ্যক?
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُتَوَكِّلِ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ إِسْحَاقَ، كُلُّهُمْ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ صَلاَةَ إِلاَّ الْمَكْتُوبَةُ "
মুহাম্মাদ ইবনুল মুতাওাক্কিল প্রমুখ সূত্রে আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ ফরজ নামাযের ইকামত হয়ে যাওয়ার পর ফরয ব্যতিত আর কোন নামায পড়া দুরস্ত নয়। (মুসলিম, তিরমিযি, নাসাই, ইবন মাজাহ, আবু দাউদ: ১২৬৬)।
উক্ত হাদীসের বক্তব্য থেকে কেউ কেউ ফজরের সুন্নাতের হুকুমকে পৃথক হিসেবে বর্ণনা করেছেন। তারা বলতে চেয়েছেন, ফরজ নামাজের ইকামত হলে অন্য কোন নামাজ দুরস্ত নয় তবে ফজর নামাজের সুন্নাত ব্যতিত যেহেতু এই সুন্নাতের ফজিলত রাসূল (সা) পৃথকভাবে বর্ণনা করেছেন এবং ফজরের সুন্নাতকে রাসূল (সা) সফরের মধ্যেও আদায় করতেন। কিন্তু নিচের স্পষ্ট হাদীসসমূহ দ্বারা তাদের বক্তব্য কোনভাবেই আমলে নেওয়া সম্ভব নয়।
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ قَالَ سَمِعَ قَوْمٌ الْإِقَامَةَ فَقَامُوا يُصَلُّونَ فَخَرَجَ عَلَيْهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَصَلَاتَانِ مَعًا أَصَلَاتَانِ مَعًا وَذَلِكَ فِي صَلَاةِ الصُّبْحِ فِي الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ قَبْلَ الصُّبْحِ
আবূ সালমা ইবন আবদুর রহমান ইবন আউফ (রহঃ) বলিয়াছেনঃ এক সম্প্রদায় ইকামত শুনিলেন, (শোনার পর) তাহারা (ফজরের সুন্নত) নামায পড়িতে দাঁড়াইয়া গেলেন। এমন সময়ে তাহাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিলেন। তিনি (ইহা দেখিয়া) বলিলেনঃ দুই নামায এক সঙ্গে! দুই নামায এক সঙ্গে! ইহা ফজরের নামাযের ঘটনা,ফজরের পূর্বের দুই রাকাআত সম্পর্কে ইহা বলা হইয়াছে। (মুয়াত্তা: ২৭৮)
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ، قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِرَجُلٍ. قَالَ وَحَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ سَمِعْتُ حَفْصَ بْنَ عَاصِمٍ، قَالَ سَمِعْتُ رَجُلاً، مِنَ الأَزْدِ يُقَالُ لَهُ مَالِكٌ ابْنُ بُحَيْنَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً وَقَدْ أُقِيمَتِ الصَّلاَةُ يُصَلِّي رَكْعَتَيْنِ، فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَثَ بِهِ النَّاسُ، وَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الصُّبْحَ أَرْبَعًا، الصُّبْحَ أَرْبَعًا ". تَابَعَهُ غُنْدَرٌ وَمُعَاذٌ عَنْ شُعْبَةَ فِي مَالِكٍ. وَقَالَ ابْنُ إِسْحَاقَ عَنْ سَعْدٍ عَنْ حَفْصٍ عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ. وَقَالَ حَمَّادٌ أَخْبَرَنَا سَعْدٌ عَنْ حَفْصٍ عَنْ مَالِكٍ.
‘আবদুল্লাহ্ ইব্নু মালিক ইব্নু বুহাইনাহ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির পাশ দিয়ে গেলেন। অন্য সূত্রে ইমাম বুখারী (রহ.) বলেন, ‘আবদুর রহমান (রহ.)....হাফ্স ইব্নু আসিম (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি মালিক ইব্নু বুহাইনাহ নামক আয্দ গোত্রীয় এক ব্যক্তিকে বলতে শুনেছি যে, রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দু’ রাক‘আত সালাত আদায় করতে দেখলেন। তখন ইক্বামাত হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করলেন, লোকেরা সে লোকটিকে ঘিরে ফেলল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ ফজর কি চার রাক‘আত? ফাজ্র কি চার রাক‘আত?* (আধুনিক প্রকাশনীঃ ৬২৩)
গুনদার ও মু‘আয (রহ.) শু‘বা (রহ.) সূত্রে হাদীসটি বর্ণিত বলে উল্লেখ করেছেন। কিন্তু ইবনু ইসহাক (রহ.) সাদ (রহ.)-এর মাধ্যমে সে হাফ্স (রহ.) হতে হাদীসটি বর্ণনা করতে গিয়ে ‘আবদুল্লাহ্ ইবনু বুহাইনাহ (রহ.) হতে বর্ণিত বলে উল্লেখ করেছেন। (এ বর্ণনাটিই সঠিক) তবে হাম্মাদ (রহ.) সাদ (রহ.)-এর মাধ্যমে তিনি হাফ্স (রহ.) হতে হাদীসটি বর্ণনা করতে গিয়ে মালিক ইবনু বুহাইনাহ (রহ.) হতে বর্ণিত বলে উল্লেখ করেছেন। (মুসলিম ৬/৯, হাঃ ৭১১, আহমাদ ২১৩০) ( ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৩০)
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، قَالَ جَاءَ رَجُلٌ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي الصُّبْحَ فَصَلَّى الرَّكْعَتَيْنِ ثُمَّ دَخَلَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الصَّلاَةِ فَلَمَّا انْصَرَفَ قَالَ " يَا فُلاَنُ أَيَّتُهُمَا صَلاَتُكَ الَّتِي صَلَّيْتَ وَحْدَكَ أَوِ الَّتِي صَلَّيْتَ مَعَنَا " .
আবদুল্লাহ ইবন সারজিস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যাক্তি মসজিদে এসে দেখতে পায় যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামায়াত শুরু করে দিয়েছেন। লোকটি একাকী দুই রাকাত নামায পড়ার পর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে জামায়াতে শরীক হয়। নামায শেষে তিনি বলেনঃ তুমি কোন নামায আদায় করলে? যে নামায একাকী পড়েছ না যা আমাদের সাথে আদায় করেছ? (মুসলিম, নাসাই, ইবন মাজাহ ও আবু দাউদ: ১২৬৫)।
উপরোক্ত হাদীস সমূহ প্রমাণ করে, অন্যান্য ফরয নামাজ চলাকালীন যেমন সুন্নাত নামাজ নিষিদ্ধ ঠিক ফজর নামাজের ফরযের ক্ষেত্রেও রাসূল একই মনোভাব প্রকাশ করেছেন।
উল্লেখ্য, শরিয়ত বিশেষজ্ঞগণ এই ব্যাপারে একমত যে, রাসূল (সা) এর উপরোক্ত নিষেধাজ্ঞার প্রধান কারণ হলো ফরজ ও সুন্নাত যেন কোনদিক দিয়ে এবং কোনভাবেই এক না হয়ে যায়। তাই ফরজ সালাতকে সর্বদাই সতন্ত্র রাখার নির্দেশ দিয়েছেন। রাসূলের উক্ত উদ্দেশ্য ও ফজরের সুন্নতের বিশেষ মর্যাদা-গুরুত্বের কারণ সামনে রেখে কতক সাহাবা ফরয সালাত চলাকালীন সময়ে মসজিদের খুঁটির আড়ালে, মসজিদের কর্ণারে তথা জামাত থেকে আড়াল হয়ে সুন্নত আদায় করেছেন। ঐসব সাহাবাদের মধ্যে ছিলেন , ইবনে আব্বাস, ইবনে মাসউদ প্রমুখ সাহাবাগণ। আবার কতক সাহাবাগণ রাসূল (সা) এর সময়কার নির্দেশকে পুরোপুরি অগ্রগন্য মনে করে ফজরের সুন্নাতকে জামাত চলাকালীন সময়ে আদায় করেননি। তাদের মধ্যে ছিলেন- হযরত উমর, ইবনে উমর, আবু মূসা-আশআরি প্রমুখ সাহাবাগণ। এক্ষেত্রে সাহাবাগণ উভয় পক্ষ পরস্পরের সম্মুখেই তাদের নিজস্ব প্র্যাক্টিস করছেন, কেউ কাউকে বাধা প্রদান করেননি। তদ্রুপ তাবেয়ীদের মধ্যেও এমন দুইরকম প্র্যাক্টিস বিদ্যমান ছিল। উক্ত বক্তব্যটি নিচের গ্রন্থসমূহ থেকে সংগ্রহ করা হয়েছে।
(শরহু মাআনিল আসার ১/৬১৯, মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ৪০২১; মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৬৪৭৬, নুখাবুল আফকার ৩/৬৮২, শরহু মাআনিল আসার ১/৬২১, মুসান্নাফে ইবনে আবী শাইবা: বর্ণনা ৬৪৭২, শরহু মুশকিলিল আসার ১০/৩৯৬)
সাহাবা ও তাবেয়ীদের মধ্যে উপরোক্ত মতপার্থক্যের আলোকে প্রখ্যাত চার ইমামগণ বিভিন্ন মত প্রকাশ করেছেন।
ক. ইমাম আবূ হানীফাহ্ (রহঃ) বলেনঃ যদি উভয় রাক্‘আত ছুটে যাওয়ার আশংকা করে এবং ইমাম ২য় রাক্‘আতের রুকূ' থেকে মাথা উঠানোর পূর্বে তার সাথে শামিল না হতে পারে তাহলে ইমামের সাথে শরীক হবে। এক্ষেত্রে ইমাম আবু হানিফা যেহেতু ফজরের নামাজ শেষ সময়ে আদায় করার হাদীসকে গুরুত্ব দিয়েছেন তাই তাঁর নিকট বিবেচ্য বিষয় ছিল- কেউ যদি ফজরের সুন্নাতকে ফরযের পূর্বে আদায় না করে তাহলে সে আর সূর্য উদয়ের পূর্বে আদায় করতে পারবেনা, বরং সূর্য উদয়ের পর ফওত/ছুটে যাওয়া সুন্নতকে আদায় করতে হবে। কিন্তু উম্মতের দুর্বলতা/অলসতার কারণে সাধারণত গুরুত্বপূর্ণ এই সুন্নতটি পুরোপুরি ছুটে/ফওত হওয়ার সম্ভাবনা থাকে। তাই ইমাম আবু হানিফা গুরুত্বপূর্ণ সুন্নাতটি যেন কোনভাবেই ফওত না হয় সেজন্য ফরয সালাত ধরার সম্ভাবনা থাকলে ফরজ চলাকালীন সময়ে ফজরের সুন্নাত পড়ার বৈধতা দিয়েছেন।
খ. ইমাম শাফি‘ঈ ও ইমাম আহমাদ-এর মতে এ সময়ে ঐ দু’ রাক্‘আত সলাত বা কোন নফল সলাত আদায় করা মাকরূহ। তবে ইবনু কুদামাহ্ আল মুগনী গ্রন্থে বলেনঃ যখন সলাতের ইক্বামাত বলা হবে তখন নফল সলাত নিয়ে ব্যস্ত থাকবে না রাক্‘আত ছুটে যাবার আশংকা থাক বা না থাক। ইমাম শাফি‘ঈর অভিমতও এটাই। এতে বুঝা যায় যে, ইমাম শাফি‘ঈ ও ইমাম আহমাদ আহলুয্ যাহিরদের মতের সাথে ঐকমত্য পোষণ করেন।
গ.ইমাম মালিক-এর মতে যদি কোন ব্যক্তি সলাত আদায় করার জন্য মাসজিদে প্রবেশ করার পর যদি ইক্বামাত বলা হয় তাহলে ইমামের সাথে সলাতে শরীক হবে এবং তখন আর ফাজরের ফজরের সুন্নাত আদায় করবে না। আর যদি মাসজিদে প্রবেশ না করে থাকে এবং রাক্‘আত ছুটে যাওয়ার আশংকা না থাকে তাহলে মাসজিদের বাইরে সুন্নাত আদায় করে নিবে। আর যদি প্রথম রাক্‘আত ছুটে যাওয়ার আশংকা থাকে তাহলে ইমামের সাথে সলাতে শরীক হবে।
সুতরাং সাহাবা ও তাবেঈদের মাঝে যেহেতু বিষয়টি মতভেদপূর্ণ ছিল। তাই এই বিষয়ে কোন ইজমা (বিশেষজ্ঞদের ঐক্য: শরিয়তের উৎস) সংঘঠিত হয়নি। কেননা, কোন বিষয়ে সমসাময়িক প্রায় সকল মুজতাহিদ/বিশেষজ্ঞদের ঐক্যমত না হলে উক্ত বিষয়টিকে ইজমা বলা যাবেনা। (ড.মুহাম্মদ আয-যুহাইলি, আল ওয়াজিয ফি উসুলিল ফিকহিল ইসলামী,পৃ.২৩৪/ আস-সারাখসি, উসুলুস সারাখসি, খ. ১, পৃ.৩০১/ আল-গাজালি, আল-মুসতাসফা, পৃ. ২৪৪)
সিদ্ধান্ত: সংক্ষিপ্ত আলোচনার পর ফজরের সুন্নাতের মতবিরোধপূর্ণ বিষয়গুলোর ব্যাপারে আমাদের সামনে দুইটি রাস্তা উন্মোক্ত হয়েছে।
এক. সাহাবা বা তাবেঈদের কোন একপক্ষের প্র্যাক্টিসকে মেনে নেওয়া। যেহেতু দুই পক্ষের সাহাবাগণই রাসূল (সা) এর হাদীস শতভাগ অনুধাবন করার ব্যাপারে উলামা তথা বিশেষজ্ঞদের নিকট স্বীকৃত ও প্রসিদ্ধ।
দুই. সরাসরি রাসূল (সা) এর হাদীসের সমাধানকে মেনে নেওয়া। সরাসরি রাসূল (সা) এর হাদীসের নির্দেশনাকে মেনে নেওয়ার ব্যাপারে দুইটি যৌক্তিকতা রয়েছে।
ক. কোন বিষয়ে যদি মতবিরোধ দেখা দেয় তাহলে পবিত্র কোরানের স্পষ্ট নির্দেশনা হলো-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنكُمْ ۖ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا.
তথা হে ঈমানদারগণ তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য কর এবং তোমাদের ওলিল আমরগণের (ইমামগণের)। তবে কোন বিষয়ে যদি মতবিরোধ তৈরি হয় তাহলে তোমরা সোজা আল্লাহ ও তার রাসূলের দিকে ফিরে যাও। (নিসা: ৫৯) আর আমরা যদি সংশ্লিষ্ট বিষয়ে সরাসরি রাসূলের হাদীসের দিকে ফিরে যাই তাহলে আর কোন মতবিরোধ ও সন্দেহ থাকেনা। কোরানের বাণী অনুযায়ী নিশ্চিতভাবেই সুন্নাতের সঠিক প্র্যাক্টিস হবে।
খ. সংশ্লিষ্ট বিষয়ে রাসূল (সা) এর যেসব নির্দেশনা রয়েছে সেগুলো অনেক সরল ও স্পষ্ট। কোন ধরণের ব্যাখ্যা ছাড়াই সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব।
আল্লাহ ই সবচেয়ে বেশি জানেন। হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক ও সুন্দর সিদ্ধান্তে পৌঁছার তৌফিক দান করুন। আমীন।