05/08/2026
ইউনিভার্সিটি অব স্কলার্সে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৬’ উপলক্ষে স্মৃতিচারণ, মূল্যায়ন ও আলোচনা সভা।
৫ আগস্ট ২০২৬, ইউনিভার্সিটি অব স্কলার্সে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৬’-এর স্মৃতিচারণ, মূল্যায়ন ও আগামী দিনের প্রেরণা শীর্ষক আলোচনা সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার, পিএসসি, বিএন (অব.)। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে সাহস, আত্মত্যাগ, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনগণের ঐক্যবদ্ধ চেতনার এক অনন্য মাইলফলক। এটি কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং ন্যায়, স্বাধীনতা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের প্রেরণার উৎস।” তিনি আরও বলেন, ইতিহাসের শিক্ষা ধারণ করে তরুণ প্রজন্মকে সত্যনিষ্ঠ, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষার কেন্দ্র নয়, বরং নৈতিকতা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ বিকাশেরও অন্যতম প্রাণকেন্দ্র।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ চৌধুরী এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সহযোগী অধ্যাপক ড. ফয়সাল বিন আলম, ডিপার্টমেন্ট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। জুলাই গণঅভ্যুত্থানে সিএসই বিভাগের আহত যোদ্ধা শিক্ষার্থী মো: তানভীর হাসান রিয়াদ এবং আবু সুফিয়ান মো: রইস।
বিশেষ অতিথি এবং অন্যান্য বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, জাতীয় জীবনে এর প্রভাব এবং ভবিষ্যৎ প্রজন্মের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা শিক্ষার্থী মো: তানভীর হাসান রিয়াদ ও আবু সুফিয়ান মো: রইস-কে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা স্মারক আলোকচিত্রে অংশগ্রহণ করেন।
ইতিহাস থেকে শিক্ষা, মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাক আগামী প্রজন্ম—এই প্রত্যাশায় ইউনিভার্সিটি অব স্কলার্স।
#জুলাই_গণঅভ্যুত্থান