21/05/2026
গত পোষ্টের বিস্তারিত উত্তর। যারা অপেক্ষায় ছিলেন সকলকে ধন্যবাদ।
আরবি ব্যাকরণ ও ভাষাতত্ত্ব অনুযায়ী ‘ركبتُ السيارةَ’ এবং ‘ركبتُ في السيارةِ’ দুটি বাক্যই সম্পূর্ণ সঠিক (সহীহ)। নিচে সংক্ষেপে এর সুস্পষ্ট দলিল পেশ করা হলো:
আরবি ভাষার প্রামাণ্য অভিধান ও ব্যাকরণবিদদের মতে, ‘ركب’ এমন একটি ক্রিয়া যা একই সাথে লাজিম (Intransitive) ও মুতাআদ্দি (Transitive) উভয় রূপ ধারণ করতে পারে।
১. লিসানুল আরব (لسان العرب): আল্লামা ইবনে মাঞ্জুর স্পষ্ট করেছেন যে, যেকোনো বাহনে আরোহণের ক্ষেত্রে সরাসরি কর্মপদ ব্যবহার করা (যেমন: ركبت الدابة) এবং ‘في’ যুক্ত করা—উভয়টিই আরবদের বিশুদ্ধ ভাষা।
২. শারহু ইবনি আকিল (شرح ابن عقيل): ব্যাকরণবিদরা উল্লেখ করেছেন যে, যখন কোনো স্থান বা পাত্রের অভ্যন্তরে আরোহণ বোঝায়, তখন ‘في’ যুক্ত করা বাগধারার দিক থেকে অত্যন্ত চমৎকার ও সাবলীল (فصيح)।
৩. (في)সহকারে ব্যবহারের দলিল
পবিত্র কুরআনে রয়েছে।
فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ
তরজমা: "অতঃপর তারা যখন নৌযানে আরোহণ করে, তখন তারা খাঁটি মনে আল্লাহকে ডাকে।" (সূরা আল-আনকাবুত: ৬৫)
এখানে ‘فِي الْفُلْكِ’ (নৌযানে) বলে ‘في’ হরফে জরের মাধ্যমে নৌকার অভ্যন্তরে আরোহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঠিক একইভাবে অন্য আয়াতে এসেছে:
قَالَ ارْكَبُوا فِيهَا بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا
তরজমা: "তিনি (নূহ) বললেন, ‘তোমরা এতে আরোহণ করো আল্লাহর নামে, এর চলা ও থামার সময়ে।’" (সূরা হূদ: ৪১)
৪. সরাসরি (في হরফে জর ছাড়া) ব্যবহারের দলিল
বাহন যদি এমন হয় যার পিঠে বা ওপরে সরাসরি বসা হয়, অথবা সাধারণ আরোহণ বোঝাতে সরাসরি কর্মপদ (مفعول به) হিসেবেও কুরআনে এর ব্যবহার রয়েছে। যেমন:
لِتَرْكَبُوهَا وَزِينَةً
তরজমা: যাতে তোমরা সেগুলোতে আরোহণ করো এবং তা যেন সৌন্দর্য হয়।" (সূরা আন-নাহল: ৮)
‘لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍ
’তরজমা: "তোমরা অবশ্যই এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে।" অথবা "তোমরা অবশ্যই এক অবস্থা থেকে অন্য অবস্থায় পদার্পণ করবে।
সারকথা: ‘ركبت السيارة’ বাক্যে গাড়িটি সরাসরি কর্ম (مفعول به)। আর ‘ركبت في السيارة’ বাক্যে ‘في’ যুক্ত হয়ে গাড়ির ভেতরের স্থানকে নির্দেশ করছে। অতএব, উভয় গঠনই বিশুদ্ধ ও দলিলসমৃদ্ধ।