18/03/2015
এক ছক্কায় বিশ্বকাপের রেকর্ডবুকে সাব্বির
আস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে রেকর্ড বুকে এসেছে বেশ পরিবর্তণ। ছক্কা মেরে রেকর্ড করার কথা শুনলেই আফ্রিদি, গেইল বা ডিভিয়ার্সের নামটা আসবে সবার মনে।
টাইগার ক্রিকেটাররাও যে পারেন সেটি হয়তো চিন্তায় আসবে না অনেকেরই। বাংলাদেশ কিন্তু পিছিয়ে নেই।
অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের অপরিচির কন্ডিশন আর মাঠের আকার (অস্ট্রেলিয়ার) কথা বিবেচনা করে এই বিশ্বকাপে বাংলাদেশীদের বিগ শট খেলার সামর্থ্য নিয়ে শঙ্কা ছিল।
ছক্কা মারার সামর্থ্যের কারণে যাকে নিয়ে আশা করে ছিল বাংলাদেশ সেই সাব্বির নিরাশ করেননি টাইগার ভক্তদের। প্রথম রাউণ্ড শেষে আইসিসির ওয়েবসাইটে সেরা ছক্কায় তালিকায় আছেন সাব্বির রহমান।
১০৩ মিটার দীর্ঘ ছক্কা হাকিয়ে রেকর্ডবুকের তালিকার প্রথমে আছেন জিম্বাবুয়ের সোলায়মান মিরে। সাব্বির রহমান এর ছক্কার দৈর্ঘ্য ৯৭ মিটার। তিনি আছেন ৬ নম্বরে।
বিশ্বকাপে বড় দলকে হারানোর বিষয়ে জানতে চাইলে সাব্বির বলেন, ‘প্রতিবারই বিশ্বকাপে ছোট টিম বড় টিমকে হারায়। অবাস্তব আর বাস্তব না, ক্রিকেটে সবকিছুই বাস্তবতার নিরিখে হয়। আমরা চেষ্টা করব নিজেদের শতভাগ দিয়ে খেলতে। নিজেদের সেরাটা খেলতে। আশা করছি আমরা কোনো না কোনো বড় টিমতে হারাতে পারব।’
শ্রীলঙ্কার বিপক্ষে সাব্বির ভালো করলেও বাংলাদেশ হেরে যায়। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার প্রথম থেকেই পরিকল্পনা ছিল এরকম যে, আমি যদি ভালো করি আর টিম যদি হারে তাহলে আমারও লাভ নেই, দলেরও লাভ নেই। ক্রিকেট একটি দলগত খেলা। টিমের জয়টাই আমাদের সবচেয়ে বড় অর্জন। আমরা পরের ম্যাচে চেষ্টা করব জিততে। কারণ, ম্যাচ জিতলে সবারই ভালো লাগে।’
বাংলাদেশের বিপক্ষে স্কটল্যান্ড রক্ষণাত্মক ক্রিকেট খেলতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের কৌশল কি হবে জানতে চাইলে সাব্বির বলেন, ‘স্কটল্যান্ড রক্ষণাত্মক খেললে সেক্ষেত্রে আমাদের স্পিনারদের কাজে লাগাতে হবে। আমাদের বোলারদের অভিজ্ঞতা রয়েছে। ব্যাটসম্যানদের অভিজ্ঞতা রয়েছে। আমরা সেগুলো কাজে লাগানোর চেষ্টা করব।’