26/06/2026
আন্তর্জাতিক মানের আরবি শেখার রোডম্যাপ-
ইসলামিক সাবজেক্টে যারা পড়াশোনা করেন, তাদের জন্য আরবি ভাষা শুধু একটি অতিরিক্ত দক্ষতা নয়; বরং এটি তাদের একাডেমিক, গবেষণামূলক ও দাওয়াহ-ভিত্তিক জীবনের প্রধান ভিত্তি। কুরআন, হাদীস, ফিকহ, তাফসীর, আকীদা, উসূল, আরবি সাহিত্য সব কিছুর মূল ভাষা আরবি। তাই একজন ইসলামিক স্টাডিজের শিক্ষার্থীর জন্য ভালো মানের আরবি না জানা একটি বড় ঘাটতি হিসেবেই বিবেচিত হবে।
আরবি শেখার উদ্দেশ্য শুধু কিতাবের ইবারত বুঝে নেওয়া নয়; বরং আরবিতে চিন্তা করা, লেখা, বলা, গবেষণা করা, আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করা এবং বিশ্বব্যাপী আলিম, গবেষক ও দাঈদের সঙ্গে জ্ঞানভিত্তিক সংযোগ স্থাপন করা। এজন্য শুরু থেকেই একটি সুসংগঠিত সিলেবাস, নিয়মিত অনুশীলন এবং ধাপে ধাপে অগ্রসর হওয়ার মানসিকতা প্রয়োজন।
প্রথম ধাপ: Beginning Level-
শুরুতে বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের জন্য সবচেয়ে উপযোগী হলো মাতৃভাষার সহায়তায় আরবি শেখা। এই পর্যায়ে এমন বই দরকার, যা সহজ ভাষায় শব্দ, বাক্য, অনুবাদ ও অনুশীলনের মাধ্যমে আরবির ভিত্তি তৈরি করে।
এই ধাপের জন্য উপযোগী বই—
প্রধান বই:
মদীনা এরাবিক বুক (دروس اللغة العربية لغير الناطقين بها)
বিকল্প বই:
- এসো আরবি শিখি: মাওলানা আবু তাহের মেসবাহ।
- العربية بين يديك প্রথম দুই খণ্ড
- সহজ আরবি ব্যাকরণ
- নূরানী আরবি শিক্ষা
- প্রাথমিক আরবি কথোপকথন
এই পর্যায়ে প্রতিটি নতুন শব্দ মুখস্থ করতে হবে, প্রতিটি বাক্য উচ্চস্বরে পড়তে হবে এবং প্রতিটি অনুশীলন নিজে লিখে সমাধান করতে হবে। কোনো শব্দ বা বাক্য না বুঝে সামনে এগোনো যাবে না। প্রতিদিন অল্প পড়া, কিন্তু নিয়মিত পড়াই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
দ্বিতীয় ধাপ: Pre-Intermediate Level-
প্রাথমিক ভিত্তি তৈরি হওয়ার পর সহজ আরবি গল্প ও শিশুতোষ সাহিত্য পড়া শুরু করতে হবে। এই পর্যায়ের লক্ষ্য হলো অভিধানের সাহায্যে নিজে নিজে আরবি বোঝার অভ্যাস তৈরি করা।
প্রধান বই:
- قصص النبيين للأطفال — আবুল হাসান আলী নদবী
বিকল্প বই:
العربية بين يديك (পরবর্তী সব খন্ড)
- القراءة الراشدة
- قصص من التاريخ الإسلامي
- قصص الأطفال العربية
- حكايات للأطفال
- سلسلة تعليم اللغة العربية للناشئين
- Arabic Stories for Language Learners
- Easy Arabic Reader
- কুরআন থেকে কমপক্ষে আম্মাপারা ব্যাকরণ ও অর্থসহ পড়তে হবে।
এই পর্যায়ে একটি খাতা, কলম, পেন্সিল এবং একটি ভালো আরবি-বাংলা অভিধান সঙ্গে রাখতে হবে। যে শব্দ বুঝবেন না, সেটি দাগিয়ে রাখবেন। পরে অভিধান দেখে খাতায় লিখবেন এবং একই পৃষ্ঠা আবার পড়বেন। এতে শব্দভাণ্ডার, বাক্যগঠন ও অনুবাদ-ক্ষমতা ধীরে ধীরে শক্তিশালী হবে।
তৃতীয় ধাপ: Intermediate Level-
এবার শুধু শব্দ বোঝা নয়, বাক্যের শৈলী, প্রকাশভঙ্গি এবং আরবি রচনার ধরন বোঝার চেষ্টা করতে হবে। এই স্তরে সহজ সাহিত্য, গল্প, জীবনী এবং সংলাপভিত্তিক বই পড়া উপকারী।
উপযোগী বই:
- حكايات جحا
- حكاية جدي
- قصص الحيوان في القرآن
- قصص الصحابة للأطفال
- صور من حياة الصحابة
- رجال حول الرسول
- القراءة العربية للمبتدئين
- العربية للحياة
- تعليم العربية للناطقين بغيرها
এই পর্যায়ে সুন্দর বাক্য খাতায় লিখে রাখা জরুরি। একটি বাক্য মুখস্থ করে একই গঠনে আরও কয়েকটি বাক্য নিজে তৈরি করতে হবে। পাশাপাশি সহজ আরবি কার্টুন, শিশুদের অনুষ্ঠান, ছোট লেকচার এবং সংলাপ শুনে Listening Skill বাড়াতে হবে।
চতুর্থ ধাপ: Upper Intermediate Level-
এ পর্যায়ে বাংলা অভিধানের ওপর নির্ভরতা কমিয়ে আরবি-টু-আরবি অভিধান ব্যবহার শুরু করতে হবে। এতে শব্দের প্রকৃত অর্থ, ব্যবহার ও প্রাসঙ্গিকতা ভালোভাবে বোঝা যায়।
অভিধান:
- المعجم الوسيط
- المعجم الوجيز
- مختار الصحاح
- القاموس المحيط
- لسان العرب — অ্যাডভান্স পর্যায়ের জন্য
- المعجم الوافي — আরবি-বাংলা সহায়ক অভিধান
পাঠ্য বই:
- منثورات من أدب العرب
- مختارات من أدب العرب
- صور من حياة التابعين
- من روائع الأدب الإسلامي
- النظرات — مصطفى لطفي المنفلوطي
- العبرات — مصطفى لطفي المنفلوطي
- أدب الدنيا والدين
- كليلة ودمنة — নির্বাচিত অংশ
এই পর্যায়ে নিয়মিত আরবিতে লেখা শুরু করতে হবে। প্রতিদিন অল্প হলেও দিনলিপি, ছোট প্রবন্ধ, বক্তৃতা, অনুবাদ বা সারাংশ লিখতে হবে। লেখা অভিজ্ঞ কারও কাছে দেখিয়ে সংশোধন করানো অত্যন্ত জরুরি।
পঞ্চম ধাপ: Advanced / Professional Level-
এই স্তরের লক্ষ্য হলো আরবি ভাষায় গবেষণা, সাহিত্য, উপস্থাপনা, বক্তৃতা, অনুবাদ ও আন্তর্জাতিক যোগাযোগে দক্ষ হওয়া। এখানে শুধু পড়া যথেষ্ট নয়; লেখকদের ভাষাশৈলী বিশ্লেষণ করে নিজের লেখায় তা প্রয়োগ করতে হবে।
উচ্চ পর্যায়ের বই:
- مختارات من أدب العرب — আবুল হাসান আলী নদবী
- وحي القلم — مصطفى صادق الرافعي
- تحت راية القرآن — مصطفى صادق الرافعي
- النظرات — مصطفى لطفي المنفلوطي
- العبرات — مصطفى لطفي المنفلوطي
- رسائل الجاحظ
- البيان والتبيين — الجاحظ
- الكامل في اللغة والأدب — المبرد
- أدب الكاتب — ابن قتيبة
- زهر الآداب وثمر الألباب
- ديوان المتنبي — নির্বাচিত কবিতা
- ديوان الإمام الشافعي
- فقه السيرة — محمد الغزالي
- ماذا خسر العالم بانحطاط المسلمين — আবুল হাসান আলী নদবী
- الطريق إلى المدينة — محمد الحسناوي
এই পর্যায়ে আরবি পত্রিকা, গবেষণাপত্র, সাময়িকী, প্রবন্ধ, বক্তৃতা ও একাডেমিক রচনা নিয়মিত পড়তে হবে। বিশেষ করে الجزيرة، الشرق الأوسط، العربي الجديد، مجلة البيان، مجلة المجتمع জাতীয় আধুনিক আরবি রচনা পড়লে সমসাময়িক ভাষা ও রাজনৈতিক-সাংস্কৃতিক পরিভাষা আয়ত্ত করা সহজ হবে।
চারটি দক্ষতা একসাথে গড়তে হবে-
আরবি শেখার পূর্ণতা আসে চারটি দক্ষতা একসঙ্গে উন্নত করলে। যা হচ্ছে পড়া, লেখা, শোনা এবং বলা।
শুধু কিতাব পড়লে আরবি বোঝা যাবে, কিন্তু বলা যাবে না। শুধু কথা বললে একাডেমিক লেখা শক্তিশালী হবে না। তাই প্রতিদিনের রুটিনে এই চারটি অংশ রাখতে হবে।
প্রতিদিনের একটি কার্যকর রুটিন হতে পারে-
৩০ মিনিট পড়া,
২০ মিনিট শব্দ মুখস্থ,
২০ মিনিট লেখা,
১৫ মিনিট শোনা,
১০ মিনিট বলা।
নিয়মিত এই অনুশীলন ছয় মাস থেকে এক বছরের মধ্যে একজন শিক্ষার্থীর আরবি দক্ষতায় দৃশ্যমান পরিবর্তন আনতে পারে।
চূড়ান্ত লক্ষ্য-
একজন ইসলামিক সাবজেক্টের শিক্ষার্থীর আরবি এমন হওয়া উচিত, যেন তিনি আরবিতে কিতাব পড়তে পারেন, গবেষণা করতে পারেন, প্রবন্ধ লিখতে পারেন, আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে পারেন, বিদেশি শিক্ষার্থীদের পাঠদান করতে পারেন এবং বিশ্বব্যাপী আলিম ও গবেষকদের সঙ্গে জ্ঞানভিত্তিক সংলাপে অংশ নিতে পারেন।
আরবির পাশাপাশি ইংরেজি, উর্দু, তুর্কি বা ফরাসি ভাষায় দক্ষতা অর্জন করলে আন্তর্জাতিক অঙ্গনে কাজের পরিধি আরও বিস্তৃত হয়। একই সঙ্গে কম্পিউটার, একাডেমিক রাইটিং, অনুবাদ, রিসার্চ মেথড, ডিজিটাল স্কিল ও মিডিয়া প্রেজেন্টেশনের মতো দক্ষতাও অর্জন করা প্রয়োজন।
শেষ কথা হলো যোগ্যতা কখনো গোপন থাকে না। একজন মানুষ যদি সত্যিকার অর্থে নিজের বিষয়ে গভীর দক্ষতা অর্জন করতে পারে, তাহলে একদিন সমাজ, প্রতিষ্ঠান ও জাতি তাকে খুঁজে নেবে।
তাই সময় নষ্ট না করে আজ থেকেই আরবি চর্চাকে জীবনের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বানান। নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান, যেন আপনার জ্ঞান, ভাষা, চরিত্র ও উপস্থাপনা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপকারী ইলম, বিশুদ্ধ আমল, গভীর ভাষাগত দক্ষতা এবং দীন ও উম্মাহর খেদমতে যোগ্য হয়ে ওঠার তাওফিক দান করুন। আমীন!