12/08/2026
সারের বাড়তি দামের প্রতিবাদে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, দুই ঘণ্টা ভোগান্তিতে যাত্রীরা
মোঃ আনিছুল ইসলাম রাজিব,
লালমনিরহাট প্রতিনিধি
সরকার নির্ধারিত দামে সার না পাওয়া এবং অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। এতে লালমনিরহাট–পাটগ্রাম–বুড়িমারী জাতীয় মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। সড়কের দুই পাশে তৈরি হয় দীর্ঘ যানজট।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে কৃষকেরা বিক্ষোভ শুরু করেন।
এ সময় পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের সারি দেখা দেয়। এতে পথচারী, যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
বিক্ষোভকারী কৃষকেরা জানান, আমন মৌসুম শুরু হওয়ায় জমিতে সার প্রয়োগের চাহিদা বেড়েছে। কিন্তু স্থানীয় বাজারে প্রয়োজন অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না। সরবরাহের ঘাটতির সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে সার বিক্রি করছেন বলে তাঁদের অভিযোগ।
কৃষকদের দাবি, ৫০ কেজির এক বস্তা টিএসপি সারের সরকারি মূল্য ১ হাজার ৩৫০ টাকা হলেও তাঁদের কাছ থেকে নেওয়া হচ্ছে সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকা। একইভাবে ৫০ কেজির এক বস্তা ডিএপি সারের নির্ধারিত মূল্য ১ হাজার ৫০ টাকা হলেও বিক্রি হচ্ছে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়। আর ইউরিয়া সারের সরকারি মূল্য ১ হাজার ৩৫০ টাকা হলেও কোথাও কোথাও ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।কৃষকেরা বলেন, আমন আবাদ শুরুর সময় সারের দাম এভাবে বেড়ে যাওয়ায় তাঁদের উৎপাদন খরচ বাড়ছে।
অন্যদিকে সময়মতো জমিতে সার প্রয়োগ করতে না পারলে ফলনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। ফলে একদিকে বাড়ছে চাষাবাদের ব্যয়, অন্যদিকে উৎপাদন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এ অবস্থায় সরকারি মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
খবর পেয়ে ঘটনাস্থলে যান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ও থানা-পুলিশের সদস্যরা। ইউএনও বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
ইউএনও মো.সাইফুল ইসলাম বলেন, প্রকৃত কৃষকদের চাহিদা বিবেচনায় নিয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সার বিতরণের উদ্যোগ নেওয়া হবে।