14/07/2026
যুবদের দক্ষতা উন্নয়ন, শোভন কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির গুরুত্ব বিশ্বব্যাপী তুলে ধরতে জাতিসংঘ ২০১৪ সালে ১৫ জুলাইকে ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতি বছর নতুন প্রতিপাদ্য নিয়ে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর ইউনেস্কো-ইউনিভোক কর্তৃক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “Skills for a shared future” (দক্ষতায় গড়ি সম্মিলিত ভবিষ্যৎ)। প্রতি বছরের ন্যায় বাংলাদেশেও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপনের উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ব যুব দক্ষতা দিবস, ২০২৬ উপলক্ষ্যে আমি সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশ কর্মক্ষেত্র ও দক্ষতার চাহিদায় ব্যাপক পরিবর্তন আসছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তরুণ জনগোষ্ঠীকে যুগোপযোগী দক্ষতায় দক্ষ করে তোলা এখন সময়ের অপরিহার্য দাবি। এ বাস্তবতায় এনএসডিএ একটি সমন্বিত, অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষতা ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ টেকসই স্কিলস ইকোসিস্টেম প্রতিষ্ঠা, আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষতা সনদ নিশ্চিতকরণ এবং দক্ষ মানবসম্পদের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এনএসডিএ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পখাত, শিক্ষা প্রতিষ্ঠান, নীতি-নির্ধারক ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সাম্প্রতিক সময়ে এনএসডিএ বেশ কিছু উল্লেখযোগ্য কার্যক্রম বাস্তবায়ন করেছে। বর্তমানে এনএসডিএ নিবন্ধিত ১৬টি সেক্টরভিত্তিক শিল্প দক্ষতা পরিষদ (আইএসসি) রয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক শ্রমবাজার ও স্বাস্থ্যখাতভিত্তিক নতুন আইএসসি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিল্পখাত ও দেশভিত্তিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ও প্রশিক্ষণ কারিকুলাম প্রণয়নের পাশাপাশি শিল্পী ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ ও জিআই পণ্য টাঙ্গাইল শাড়ি ও জামদানি শাড়ির ওয়েবিং-এর ওপর দক্ষতার কারিকুলাম প্রণয়ন করা হয়েছে এবং ঐতিহ্যবাহী মসলিন ও মনিপুরী শাড়ির কারিকুলাম প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, এ বছর ৬০টি দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানকে জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (এনএইচআরডিএফ)-এর আওতায় ৯৪ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে, যার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক যুব নারী ও পুরুষ দক্ষতা প্রশিক্ষণের সুযোগ পাবে।
আন্তর্জাতিক পর্যায়েও পারস্পরিক স্বীকৃতি চুক্তি (এমআরএ), যৌথ সনদায়ন, ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ও জব প্লেসমেন্টে বিভিন্ন দেশের সঙ্গে কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দেশভিত্তিক কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এবং জাপানিজ ও ইংরেজি ভাষাভিত্তিক কারিকুলাম প্রণয়নপূর্বক প্রশিক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম শুরু/ সম্পন্ন করা হয়েছে। একইসাথে বিশ্ব দক্ষতা প্রতিযোগিতা ২০২৬-এ অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় দক্ষতা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
আন্তর্জাতিক মানসম্পন্ন বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) এবং কম্পিটেন্সি বেইজড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট (সিবিটিঅ্যান্ডএ) পদ্ধতি অনুসরণ করে দেশের দক্ষতা প্রশিক্ষণ কার্যক্রমকে আরও মানসম্মত, কার্যকর ও যুগোপযোগী করতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, শিল্প প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিত কার্যক্রম চলমান রয়েছে।
জাতীয় দক্ষতা সনদপ্রাপ্ত প্রশিক্ষণার্থীরা অভ্যন্তরীণ শ্রমবাজারের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও সম্মানের সাথে কাজ করছেন এবং অনেকেই আত্মকর্মসংস্থানে নিয়োজিত রয়েছেন। এনএসডিএ-এর নিবন্ধিত ৩৫৫টি দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের জব/ শিল্প সংযোগ পর্যালোচনায় দেখা যায়, জাতীয় দক্ষতা সনদ (এনএসসি) প্রাপ্ত ১,৫৩,৩১৬ জনের মধ্যে ১,২৩,৩৪৬ জন (৮১ শতাংশ) কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান, মোট ৯,৫৭৭ জন ৬৪টি দেশে তথা আন্তর্জাতিক শ্রমবাজারে, ৮২,৮৪৩ জন অভ্যন্তরীণ শ্রমবাজারে এবং ৩০,৯২৬ জন আত্মকর্মসংস্থানে নিয়োজিত রয়েছেন।
আমি বিশ্বাস করি, অংশীজনদের সহযোগিতায় জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে তরুণদের জীবনমান উন্নয়ন করা সম্ভব হবে।
বিশ্ব যুব দক্ষতা দিবস, ২০২৬ উদ্যাপনের সঙ্গে সংশ্লিষ্ট শিল্প দক্ষতা পরিষদ (আইএসসি), দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠান (এসটিপি), একাডেমিয়া ও সরকারি-বেসরকারি সকল অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
ড. নাজনীন কাউসার চৌধুরী, সচিব
নির্বাহী চেয়ারম্যান
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ
প্রধানমন্ত্রীর কার্যালয়