01/05/2026
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে সিলেট প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUET)-এ রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণিল সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। এই র্যালি শুধু একটি কর্মসূচি নয়—এটি সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন, ন্যায্য অধিকার এবং অধিকার আদায়ের সংগ্রামের এক প্রতীকী প্রকাশ।
র্যালির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সুস্পষ্ট বার্তা তুলে ধরেন—
“আর নয় অপেক্ষা—SUET হোক বাস্তবতা।
সময় এখন সিদ্ধান্তের—SUET চাই বাস্তবায়নের।”
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার পেছনে একটি সুদূরপ্রসারী লক্ষ্য ছিল—এটিকে ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা। এই লক্ষ্যকে সামনে রেখে প্রয়াত সাবেক সফল অর্থমন্ত্রী সাইফুর রহমান কলেজটি প্রতিষ্ঠা করেন। কিন্তু প্রতিষ্ঠার প্রায় ১৭ বছর অতিক্রান্ত হলেও প্রতিষ্ঠানটি এখনো সেই কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগোতে পারেনি।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে কলেজটি অবহেলার শিকার হয়েছে। প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষক নিয়োগ, আধুনিক শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি—এসব ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। ফলে শিক্ষার্থীরা নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।
শিক্ষার্থীরা আরও দাবি করেন, অতীতে নানা কারণে এই প্রতিষ্ঠানটি যথাযথ গুরুত্ব পায়নি, যার ফলে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়েছে। তারা মনে করেন, এখন সময় এসেছে সকল ভেদাভেদ ভুলে সিলেটের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার।
এ প্রেক্ষিতে শিক্ষার্থীরা সিলেট অঞ্চলের সকল সম্মানিত সংসদ সদস্য ও মন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা এই ন্যায্য দাবির বিষয়ে কার্যকর ভূমিকা রাখেন। বিশেষ করে, মাননীয় প্রধানমন্ত্রীর সিলেট আগমনকে সামনে রেখে শিক্ষার্থীরা আশা প্রকাশ করছেন যে, এই সফর সিলেটবাসীর প্রাণের দাবি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠবে।
শিক্ষার্থীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে দ্রুত SUET-এ রূপান্তর করা হলে এ অঞ্চলের উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
আসুন, সবাই একসাথে কণ্ঠ মিলাই—
আমাদের দাবি, আমাদের অধিকার।
✊ অব্যাহত থাকুক আন্দোলন
✊ অব্যাহত থাকুক সচেতনতা
াই