11/07/2026
লন্ডনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
১০ জুলাই, লন্ডনঃ শুক্রবার সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ। অনাড়ম্বর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অঙ্গনে অগ্রযাত্রা, গবেষণার প্রসার, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং প্রবাসী অ্যালামনাইদের সম্পৃক্ততা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি অধীর রঞ্জন দাস এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ মিল্লাতের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল হাসান, সহ-সভাপতি আশরাফ জামান ও মিনারা সুলতানা, কোষাধ্যক্ষ আসাবুল হোসেন, আইন সম্পাদক ব্যারিস্টার ইশরাত জাহান পল্লবী, ক্রীড়া সম্পাদক মোঃ রাশিদ আহমেদ তারেকসহ কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে একটি স্থায়ী ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে যুক্তরাজ্যে তহবিল সংগ্রহের উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা সম্প্রসারণ, বিদেশে ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি এবং বিশ্বব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের জন্য নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে তিনি সম্পূর্ণ ওয়াকিবহাল। সংকীর্ণ রাজনৈতিক বিভাজন ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ, আন্তর্জাতিক সুনাম এবং সামগ্রিক অগ্রগতির জন্য তিনি দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা রাখতে বদ্ধপরিকর। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা, জ্ঞান, দক্ষতা ও পেশাগত নেটওয়ার্ক বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এ ক্ষেত্রে যুক্তরাজ্যে বসবাসরত অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণকে তিনি আন্তরিকভাবে স্বাগত জানান।
উপাচার্য আরও বলেন, প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কার্যকর ও টেকসই সংযোগ প্রতিষ্ঠা করা গেলে আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং বৈশ্বিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে ইন্টার্নশিপ, উচ্চশিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি অধীর রঞ্জন দাস বলেন, বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, গবেষণার প্রসার এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সংগঠনের অন্যতম অঙ্গীকার। যুক্তরাজ্যে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জন্য দীর্ঘমেয়াদি ও কার্যকর অবদান রাখার লক্ষ্যে সংগঠন কাজ করে যাবে।
সাধারণ সম্পাদক খালেদ মিল্লাত বলেন, প্রবাসী অ্যালামনাইদের অভিজ্ঞতা, দক্ষতা ও আন্তর্জাতিক সংযোগকে কাজে লাগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি, গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং একটি শক্তিশালী বৈশ্বিক অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে।
সাক্ষাৎ শেষে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে সভাপতি অধীর রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ মিল্লাত উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলামের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। উভয় পক্ষ ভবিষ্যতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, আন্তর্জাতিকীকরণ এবং প্রবাসী অ্যালামনাইদের অংশীদারিত্ব আরও জোরদার করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সংগঠন অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)-এর কাউন্সিল সভায় অংশ নিতে এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন।