প্রকৃতির এক নিটোল পরিবেশে এ কলেজের অবস্থান। বার আউলিয়ার আশির্বাদ ধন্য ঐতিহ্যবাহী সাতকানিয়া; পশ্চিমে চির প্রবাহমান বঙ্গোপসাগরের কল্যাণ পুষ্ট বাশঁখালী; আনোয়ারা আর উত্তর পূর্বে সাঙ্গু বিধৌত চন্দনাইশ। এ চার উপজেলার সংযোগ স্থলে এ কলেজ। শিক্ষা দীক্ষায় অনগ্রসর এবং অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ বিশেষ করে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বরাবরই এ অঞ্চলের জনগোষ্ঠী শিক্ষা সাহিত্য সংস্কৃতি অর্থনৈতিক ক্রিয়াকর্
ম থেকে অনেক পিছিয়ে ছিল। তাই পশ্চাৎপদ এ জনগোষ্টির মুক্তির একমাত্র পথ শিক্ষা। এ মহান উদ্দেশ্যকে সামনে রেখে বিশেষ করে নারী শিক্ষা অগ্রগতির লক্ষ্যে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ। ১৯শে সেপ্টেম্বর ১৯৯১এ কলেজ ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এ দিন চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা এম.ই.এস স্কুল মিলনায়তনে কলেজ প্রতিষ্ঠার উদ্যেগ নেয়া হয়। জায়গা নির্বাচন করা হল রাজার পাহাড়। প্রকৃতির রূপ-রসে ভরা এক অনিন্দ্য সুন্দর স্থান । কলেজের স্বপ্ন দ্রষ্টা চট্টগ্রাম ইউনানী তিব্বিয়া কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট কবি ও সাহিত্যিক হাকীম মাওলানা ইসমাঈল হিলালীর ক্রয় করা সম্পত্তি (এই পাহাড়) তাঁর একমাত্র সুযোগ্য সন্তান বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব হেলাল হুমায়ুন এর দান করা সম্পত্তির উপর কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯১ সনের অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন পরিকল্পনা মন্ত্রী এ. এম. জহির উদ্দীন খান কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করতে এসে অত্র এলাকার মানুষের কলেজ প্রতিষ্ঠার উৎসাহ, অত্র এলাকার ভৌগলিক অবস্থান ও প্রাকৃতিক সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে কলেজ প্রতিষ্ঠার সার্বিক সহযোগিতার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন। ১লা জানুয়ারি ১৯৯৪ইং হতে কলেজটি এম.পি.ও ভুক্তি লাভ করে। ১লা জুলাই ১৯৯৮ ইং হতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিগ্রি(পাস) কোর্সের অধিভুক্তি লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজের ক্যাম্পাস সম্পূর্ণ রাজনীতি মুক্ত। শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা হয়। জাতীয় শিক্ষা সপ্তাহে এ কলেজ ১৯৯৩, ১৯৯৪, ১৯৯৬ ও ২০০৩ সালে উপজেলা পর্যায়ে চার-চারবার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে। ফলাফলের দিক দিয়ে এ কলেজ ডিগ্রি পর্যায়ে শতভাগ সাফল্যের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পর্যায়ে বরাবরই ভাল ফলাফল করে আসছে। সব মিলিয়ে আদর্শ ও নৈতিকতার পর্যায়ে এ কলেজের অবস্থান। এ কলেজ এতদঞ্চলের মানুষের প্রাণের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।