18/08/2026
জামেয়া দারুল মাআরিফে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ
জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের বিগত ১৪৪৬-৪৭ হিজরি শিক্ষাবর্ষের সমন্বিত ফলাফলে মেধা তালিকায় উত্তীর্ণ ও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৬ আগস্ট (রবিবার) বাদে মাগরিব জামেয়ার 'আবু যর গিফারী (রা.)' মিলনায়তনে শিক্ষা পরিচালনা বিভাগের উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়ার প্রধান পরিচালক ও শাইখুল হাদিস আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল (হাফিজাহুল্লাহ)। শাইখ শহিদুল্লাহ কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জামেয়ার উপ-শিক্ষা পরিচালক শায়খ আল্লামা নুরুল আলম। পুরো অনুষ্ঠানের পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন জামেয়ার সিনিয়র শিক্ষক মাওলানা ফুরকান হুসাইন এবং সহযোগিতায় ও সঞ্চালনায় ছিলেন মুফতি হামেদ ফরিদ। অনুষ্ঠানে জামেয়ার সর্বস্তরের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও নিয়মানুবর্তিতার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্যে শিক্ষাবর্ষজুড়ে শতভাগ উপস্থিতি অর্জনকারী শিক্ষার্থীদের জামেয়ার প্রতিষ্ঠাতা আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভি (রহ.)-এর নামে 'প্রতিষ্ঠাতা শতভাগ উপস্থিতি পুরস্কার', সমন্বিত মেধাতালিকায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শীর্ষ ১০ জন শিক্ষার্থীকে 'মুদীর পুরস্কার', কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ও নিজ নিজ শ্রেণিতে মেধার স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের মেধা ও বোর্ড পরীক্ষা পুরস্কার এবং 'হযরত বিলাল ইবনে রাবাহ (রা.) স্মারক আযান' ও 'ইসলামি জ্ঞান প্রতিযোগিতা'-য় বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রতিযোগিতা পুরস্কার তুলে দেওয়া হয়। অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও চরিত্র গঠনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।