21/06/2026
আজ বিশ্ব বাবা দিবস❤️👌❤️🥰😊❤️
ছোটবেলায় আমার অসুখ হলে আব্বা ডাক্তারের কাছে নিয়ে যেতেন।আর এখন অসুস্থতার জন্য আব্বাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়।
একা একা ডাক্তারের কাছে যেতে পারতাম না তখন।আব্বা সব সময় হাতে হাত ধরে নিজের কাছে আগলে রেখে ডাক্তারের কাছে নিয়ে যেতেন।এখন আব্বা একা একা ডাক্তারের কাছে যেতে পারেন না। হাতে হাত ধরে নিজের কাছে আগলে রেখে আজ ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়।
ছোটবেলায় ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আমাকে দেখে আব্বাকে অনেক পরামর্শ দিতেন। যেমন-'ছেলেকে দেখেশুনে রাখবেন,একা একা ছাড়বেন না,ভালো ভালো খাবার খাওয়াবেন।' এখন আব্বাকে দেখে ডাক্তার আমাকে পরামর্শ দেন,' আপনার আব্বাকে দেখে দেখে রাখবেন।একা একা দূরে কোথাও যেতে দিবেন না।বেছে বেছে খাবার খাওয়াবেন।'
ছোটবেলায় ডাক্তার দেখানো শেষে আব্বা আমাকে হাসিমুখে জিজ্ঞেস করতেন-' কিরে বাবা,কিছু খাইবি?' আমি রাজি হয়ে যেতাম। আব্বার হাত ধরে রেস্টুরেন্টে গিয়ে বসতাম। আব্বা জিজ্ঞেস করতেন-'কিরে ইমন(আমার ডাকনাম),কি খাইবি?' আমি খুব লজ্জার সহিত আব্বাকে বলতাম-'আব্বা,আপনার যা খুশি।'
এখন ডাক্তার দেখানো শেষে আমি আব্বাকে জিজ্ঞেস করি-'আব্বা,কিছু খাবেন?' আব্বা হাসিমুখে রাজি হয়ে যান। আব্বাকে হাতধরে রেস্টুরেন্টে বসিয়ে জিজ্ঞেস করি-'আব্বা,কি খাবেন?' আব্বা খুব লজ্জার সহিত উত্তর দেন-'তোর যা খুশি।'
খাওয়া শেষে ছোটবেলায় আব্বা পকেট থেকে টাকা বের করে বিল দিতেন। আমি আব্বার দিকে কৃতজ্ঞতাভরে চেয়ে থাকতাম।
এখন খাওয়া শেষে আমি পকেট থেকে টাকা বের করে বিল দেয়ার সময় আব্বা টলমল চোখে আমার দিকে তাকিয়ে থাকেন।
ছোটবেলায় ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে আব্বা আমাকে আগে খুব সাবধানে গাড়িতে তুলতেন,তারপর নিজে উঠতেন।এখন আমি আব্বাকে খুব সাবধানে আগে গাড়িতে তুলি, তারপর নিজে উঠি।
বাড়ি ফেরার আগ পর্যন্ত আব্বা আমাকে কতই না উপদেশ দিতেন! বলতেন-'বাবা,দুষ্টামি কম করবি। আমার আর তোর মা'র কথামত চলবি।বাড়ির বাহিরে কোথাও খেলতে গেলে কাউকে না কাউকে বলে যাবি।তোদের একটা কিছু হলে আমরা কি নিয়ে থাকব।' আমি শুধু মাথা নাড়িয়ে উত্তর দিতাম-'আচ্ছা।'
এখন ডাক্তার দেখিয়ে বাড়ি আসার আগ পর্যন্ত আব্বাকে কতই না উপদেশ দেই ! বলি-'আব্বা,খুব সাবধানে চলতে হবে এখন আপনাকে।আপনার একবার ব্রেনস্ট্রোক হয়েছে।বাড়ির বাহিরে দূরে কোথাও গেলে সাথে কাউকে নিয়ে যাবেন।খাবারে অনিয়ম করা যাবে না। আপনি আর আম্মার একটা কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে থাকব!' আব্বা মাথা নেড়ে চেড়ে উত্তর দেন-'আচ্ছা।'
পৃথিবীর নিয়ম কতই না নিষ্ঠুর! সন্তান আস্তে আস্তে মা-বাবা হতে থাকে আর মা-বাবা যেন সন্তান হতে থাকে।যে মা-বাবা একদিন ছিল সন্তানের নির্ভরতার প্রতীক সে মা-বাবাই একদিন সন্তানের কাছে নির্ভরতা খুঁজে বেড়ায়!
ডাক্তার দেখিয়ে বাড়িতে আসার পর আমি ভাইবোনদের সাথে স্বাভাবিক দুষ্টুমিতে মেতে উঠতাম। না জানি আব্বা তখন কত টেনশান করতেন!
এখন আব্বাকে ডাক্তার দেখিয়ে আসার পর আব্বা ঠিকই স্বাভাবিক কাজকর্ম করেন।আম্মার সাথে হেসে হেসে কথা বলছেন। কিন্তু আমার মাথায় অনেক দুশ্চিন্তাই কাজ করে এখন। বারবার মনে হয়,যেদিন আব্বার কিছু হয়ে যাবে সেদিন কিভাবে দু:খ সইবো! যেদিন আব্বা-আম্মার কেউই পৃথিবীতে থাকবে না সেদিন থেকে এই পৃথিবীতে কি নিয়ে থাকবো!
আজ বিশ্ব বাবা দিবস। বিশ্ব বাবা দিবস সফল হোক,বাবারা সুখী হোক। বাবারা শিশু হয়ে গেলেও সন্তানের কাছে বাবার আসনেই থাকুক।