07/09/2026
দশম শ্রেণি : জ্ঞানমূলক প্রশ্ন
পদার্থবিজ্ঞান
সপ্তম অধ্যায় : তরঙ্গ ও শব্দ
১। তরঙ্গ কাকে বলে?
উত্তর : যে পর্যাবৃত্ত আন্দোলনের ফলে মাধ্যমের এক স্থান হতে আরেক স্থানে শক্তির স্থানান্তর ঘটে কিন্তু মাধ্যমের কণাগুলোর স্থায়ীভাবে কোনো স্থানান্তর ঘটে না, তাকে তরঙ্গ বলে। উদাহরণস্বরূপ বলা যায় : পানির তরঙ্গ, শব্দ তরঙ্গ, বেতার তরঙ্গ
ইত্যাদি।
২। অনুদৈর্ঘ্য তরঙ্গ কী?
উত্তর : যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সঙ্গে সমান্তরালে অগ্রসর হয়, সেই তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। বায়ু মাধ্যমে সৃষ্ট শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ।
৩। অনুপ্রস্থ তরঙ্গ কী?
উত্তর : যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সঙ্গে সমকোণে অগ্রসর হয়, সেই তরঙ্গকে অনুপ্রস্থ তরঙ্গ বলে।
উদাহরণ : পানি তরঙ্গ, আলোক তরঙ্গ ইত্যাদি।
৪। দশা কাকে বলে?
উত্তর : তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার যেকোনো মুহূর্তের গতির সম্যক অবস্থানকে তার দশা বলে।
৫। বিস্তার কাকে বলে?
উত্তর : তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা সাম্যাবস্থান থেকে যেকোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গের বিস্তার বলে।
৬। তরঙ্গ বেগ কী?
উত্তর : নির্দিষ্ট দিকে তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে।
৭। কম্পাঙ্ক কাকে বলে?
উত্তর : তরঙ্গ কণার প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সৃষ্টি হয়, তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে।
৮। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে?
উত্তর : তরঙ্গ সঞ্চালনকারী কোনো কম্পনশীল কণার একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, তাকে তরঙ্গদৈর্ঘ্য বলে।