10/04/2013
এইচএসসি: বৃহস্পতিবারের পরীক্ষাও পেছাল
ইসলামী ছাত্র শিবির হরতাল ডাকায় বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে দেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবারের পরীক্ষাগুলো ১৯ এপ্রিল শুক্রবার নেয়া হবে।
বৃহস্পতিবার সকালে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো হবে ১৯ এপ্রিল সকাল ৯টা থেকে। আর বৃহস্পতিবার বিকালে নির্ধারিত পরীক্ষাগুলো হবে ১৯ এপ্রিল দুপুর ২টা থেকে।
এ নিয়ে হরতালের কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় দুই দিনে মোট ১৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেল।
বৃহস্পতিবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে সকালে অর্থনীতি প্রথম পত্র, পদার্থ বিজ্ঞান প্রথম পত্র, ব্যবসায় নীতি ও প্রয়োগ প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র (ডিআইবেএস) এবং বিকালে বাংলা ভাষা ও সাহিত্য প্রথম পত্র, ইংরেজি ভাষা ও সাহিত্য প্রথম পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।
এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে আরবি প্রথম পত্র (সাধারণ বিভাগ), আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ), এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনালে গণিত-২, ডিপ্লোমা ইন কর্মাসে অর্থনীতি (দ্বাদশ) এবং এইচএসসি ব্যবসায় বব্যস্থাপনায় ব্যবস্থাপনা নীতি ও পদ্ধতি (দ্বাদশ) বিষয়ের পরীক্ষা ছিল।
শিবির সভাপতি দেলওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয়ার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল ডেকেছে সংগঠনটি।
এর আগে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৬ ঘণ্টা হরতালের কারণে মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়। ওইদিনের পরীক্ষাগুলো ১৩ এপ্রিল শনিবার হওয়ার কথা রয়েছে।
বিএনপি-জামায়াতের হরতালের কারণে চলতি বছর পাঁচ দিন এসএসসি পরীক্ষা পেছাতে হয়। ফলে মোট ৩৭টি বিষয়ের পরীক্ষা পেছাতে বাধ্য হয় কর্তৃপক্ষ।