10/09/2026
পর্দা নামলো ১১তম মুহম্মদ শহীদুল্লাহ্ স্মারক বিতর্ক উৎসবের।
বাংলা সাহিত্য ও সংস্কৃতি নিয়ে বাংলাদেশের একমাত্র জাতীয় বিতর্ক উৎসব ‘১১তম মুহম্মদ শহীদুল্লাহ্ স্মারক বিতর্ক উৎসব–২০২৬’ তিন দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। ৩ থেকে ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন করে শহীদুল্লাহ্ হল ডিবেটিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়।
উৎসবের প্রথম দিনে বাংলা একাডেমি ও শহীদুল্লাহ্ হল ডিবেটিং ক্লাবের যৌথ উদ্যোগে বহুভাষাবিদ, জ্ঞানতাপস ও গবেষক ড. মুহম্মদ শহীদুল্লাহ্-এর জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে ড. মুহম্মদ শহীদুল্লাহ্-র জীবন, কর্ম, ভাষা, সাহিত্য ও গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সেমিনার শেষে শুরু হয় মহাবিদ্যালয় (কলেজ) পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬টি দল এতে অংশগ্রহণ করে। মহাবিদ্যালয় পর্যায়ের শ্রেষ্ঠ বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করেন রাজউক কলেজ ডিবেটিং ক্লাব থেকে আহনাফ আল রাফিন।
উৎসবের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা। এ পর্বে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিতর্ক সংগঠনের ২৪টি দল অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শ্রেষ্ঠ বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করেন অ্যাথেনিয়াম ডিবেটিং ফোরাম থেকে উম্মে সুহালা।
তিন দিনব্যাপী উৎসবের শেষ দিনে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ‘মহাদ্বৈরথ’ (ফাইনাল) পর্বের বিতর্ক। যুক্তি, তথ্য, বিশ্লেষণ ও বাগ্মিতার প্রাণবন্ত সমন্বয়ে অনুষ্ঠিত এ চূড়ান্ত বিতর্কের মধ্য দিয়ে এবারের উৎসবের প্রতিযোগিতামূলক পর্বের সমাপ্তি ঘটে।মহাবিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে রাজউক কলেজ ডিবেটিং ক্লাব চূড়ান্ত বিজয়ী (চ্যাম্পিয়ন )এবং মিল্লাত ডিবেটিং ক্লাব চূড়ান্ত প্রতিবিজয়ী (রানার-আপ) হওয়ার গৌরব অর্জন করে। মহাবিদ্যালয় পর্যায়ের মহাদ্বৈরথে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন রাজউক কলেজ ডিবেটিং ক্লাবের আহনাফ আল রাফিন। বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে রোকেয়া বিতর্ক অঙ্গন, ঢাকা বিশ্ববিদ্যালয় চূড়ান্ত বিজয়ী (চ্যাম্পিয়ন) এবং জিয়া হল ডিবেটিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় চূড়ান্ত প্রতিবিজয়ী (রানার-আপ)হওয়ার গৌরব অর্জন করে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের মহাদ্বৈরথের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন রোকেয়া বিতর্ক অঙ্গনের ফারিয়া আরাফাত।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, উপ-উপাচার্য (প্রশাসন), ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. তারিক মনজুর, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, ডিন, বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ড. মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, প্রাধ্যক্ষ, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. মো. এনামুল হক, মডারেটর, শহীদুল্লাহ্ হল ডিবেটিং ক্লাব; মো. সাজিদ হাসান, সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি; এবং মিফতাহুল জান্নাত রিফাত, সাধারণ সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সবির হোসেন, সভাপতি, শহীদুল্লাহ্ হল ডিবেটিং ক্লাব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদুল্লাহ্ হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. মহসিন আলী।
ড. মুহম্মদ শহীদুল্লাহ্-এর ভাষা, জ্ঞান ও মননচর্চার ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত এ বিতর্ক উৎসব তরুণ প্রজন্মের মধ্যে যুক্তিবোধ, মুক্তচিন্তা, সহনশীলতা ও মননশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিন দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে সেই ধারাবাহিকতায় যুক্ত হলো আরও একটি সফল অধ্যায়।
শহীদুল্লাহ্ হল ডিবেটিং ক্লাব
ঢাকা বিশ্ববিদ্যালয়।