08/05/2026
এমবিএ প্রফেশনাল প্রোগ্রামের ১০ম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত
আজ শুক্রবার (৮ মে ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত এমবিএ প্রফেশনাল প্রোগ্রামের ১০ম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক সীমাবদ্ধতা থাকলেও গত একুশ বছরে বিশ্ববিদ্যালয়কে বিকশিত করতে বিজনেস স্টাডিজ অনুষদের ভূমিকা অনস্বীকার্য। তিনি আরও বলেন, বিজনেস স্টাডিজ অনুষদে জাতীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষক রয়েছেন, যারা সৃজনশীল ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ডে অনুষদভুক্ত বিভাগগুলো সবসময় প্রশাসনের সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলেও উল্লেখ করেন তিনি।
উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরও সমৃদ্ধ ও বিকশিত হবে। পাশাপাশি শিক্ষার্থীরা সনদ অর্জনের পাশাপাশি ব্যবসা প্রশাসনের নীতি ও দর্শনও আত্মস্থ করবেন বলে তিনি প্রত্যাশা করেন।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংক পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক সুবাস চন্দ্র দাস এবং মাসিহাতা গ্রুপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু শাহিন।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া।
অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।