17/12/2025
মানববন্ধনের ঘোষণাপত্র
চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগে অনিয়ম ও অযৌক্তিক মূল্যায়ন কাঠামোর প্রতিবাদে মানব বন্ধন।
তারিখ: ১৮ ডিসেম্বর ২০২৫
সময়: দুপুর ১২টা
স্থান: রাবি প্রশাসন ভবনের সামনে
চারুকলা একটি সম্পূর্ণ প্রাক্টিক্যাল-ভিত্তিক শিক্ষা ও সৃজনশীল চর্চার বিষয়। অথচ সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম, নিম্নমানের প্রশ্নপত্র এবং বিষয়টির মৌলিক চরিত্রবিরোধী মূল্যায়ন কাঠামো অনুসরণ করা হয়েছে, যা চারুকলা শিক্ষার মর্যাদা ও ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে।
পরিলক্ষিত হয়েছে যে, প্রাক্টিক্যাল-ভিত্তিক একটি বিষয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট নম্বরের ৮৫ শতাংশ থিওরি এবং মাত্র ১৫ শতাংশ প্রাক্টিক্যাল নির্ধারণ করা হয়েছে—যা সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। এর ফলে শিল্পীসত্তা, ব্যবহারিক দক্ষতা ও সৃজনশীলতা যথাযথভাবে মূল্যায়িত হয়নি।
আরও উদ্বেগজনক বিষয় হলো, নিবন্ধন পরীক্ষায় যেখানে তুলনামূলক সাধারণ প্রাক্টিক্যাল প্রশ্ন দেওয়া হয়েছিল, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় তার চেয়েও নিম্নমানের প্রশ্নপত্র প্রদান করা হয়। নিবন্ধন পরীক্ষায় যেখানে ‘মায়ের কোলে শিশু’ আঁকার মতো বিষয় ছিল, সেখানে শিক্ষক নিয়োগের মতো উচ্চপর্যায়ের পরীক্ষায় কেবল ‘হাত আঁকা’র মতো প্রাথমিক স্তরের প্রশ্ন নির্ধারণ করা হয়েছে, যা নিয়োগ পরীক্ষার গাম্ভীর্য ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।
আমরা মনে করি, এ ধরনের প্রশ্নপত্র ও মূল্যায়ন কাঠামো পরিকল্পিতভাবে প্রাক্টিক্যাল দক্ষতাকে অবমূল্যায়ন করে এবং যোগ্য, দক্ষ ও সৃজনশীল শিক্ষক নির্বাচনের পথ রুদ্ধ করে দেয়।
এই প্রেক্ষাপটে আমরা শিক্ষার্থী, শিল্পী, প্রাক্তন শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে আমাদের ন্যায্য দাবি ও প্রতিবাদ জানাচ্ছি।
আমাদের দাবি—
১. চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত
২. নিম্নমানের ও বিতর্কিত প্রশ্নপত্র বাতিল ও পুনর্মূল্যায়ন
৩. প্রাক্টিক্যাল-ভিত্তিক বিষয়ে ন্যায্য ও যৌক্তিক নম্বর বণ্টন নিশ্চিতকরণ
৪. আন্তর্জাতিক মান অনুসরণ করে স্বচ্ছ ও প্রাক্টিক্যাল-কেন্দ্রিক নিয়োগ নীতিমালা প্রণয়ন
৫. চারুকলা শিক্ষার মান ও মর্যাদা রক্ষায় দায়িত্বশীল প্রশাসনিক পদক্ষেপ
আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত আমাদের দাবির প্রতি গুরুত্ব আরোপ করবে। অন্যথায় চারুকলা শিক্ষার মর্যাদা রক্ষায় আমরা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।
শান্তিপূর্ণ আন্দোলনই আমাদের শক্তি।
চারুকলার মর্যাদা রক্ষা আমাদের অধিকার।
ধন্যবাদান্তে-
মাহফুজুর রহমান ডন
শিক্ষাবর্ষ ২০০৫-০৬
সহ-সাংগঠনিক সম্পাদক,
রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা এ্যালামনাই এসোসিয়েশন (রুফা)
(রাবি চারুপরিবারের ফুটনোট: রাবি চারুপরিবার পেজটি চারুপরিবারের সকলের। ডনের আবেদনের ভিত্তিতে তার ঘোষনাপত্রটি এই পেজ থেকে প্রকাশ করা হলো। চারুপরিবারের সকলের অধিকার আছে তার বক্তব্য এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকাশ করার, যদি তা অশালীন বা রাষ্ট্রদ্রোহী না হয়। বুম বুমারিং বুমারিং বুম বুম বুম )