11/08/2020
আপনারা অবগত আছেন, ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডে পুলিশ চেকপোস্টে মেজর (অবঃ) সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হন। এই ঘটনায় তার সঙ্গে থাকা চলচ্চিত্রকর্মী সাহেদুল ইসলাম সিফাতকে এবং পরবর্তীতে একটি রিসোর্ট থেকে আরেক চলচ্চিত্রকর্মী শিপ্রা দেবনাথকে পুলিশ গ্রেফতার করে। একইসাথে পুলিশ সাহেদুল ইসলাম সিফাতের বিরুদ্ধে মেজর (অবঃ) সিনহার হত্যা সম্পর্কিত দুইটি মামলা দায়ের করে, এবং শিপ্রা দেবনাথের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে। উক্ত প্রতিটি মামলা দুই চলচ্চিত্রকর্মীকে এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত করে হয়রানি করা এবং কতিপয় মানুষের উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে দায়ের করা হয়।
অবসরপ্রাপ্ত একজন সেনা সদস্যের এমন হত্যাকান্ডে সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়, একইসাথে সম্পূর্ণ নির্দোষ দুইজন চলচ্চিত্রকর্মীকে গ্রেফতার করে,তাদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মিথ্যা মামলা দায়ের করায় দেশব্যাপী গণক্ষোভ জন্ম নেয়।
সাহেদুল ইসলাম সিফাত এবং শিপ্রা দেবনাথ উভয়েই স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ অনুষদের ছাত্র। এই ঘটনার শুরুতেই আমরা, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ অনুষদের ছাত্র-শিক্ষকগণ ওদের গ্রেফতার এবং দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদ জানাই। এবং পরবর্তীতে আমাদের নেতৃত্বে সিফাত-শিপ্রার নিঃশর্ত মুক্তি সহ সুনির্দিষ্ট ৪টি দাবিতে ঢাকায় ধারাবাহিকভাবে মানববন্ধন,গণজমায়েত এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। আমাদের এই কর্মসূচিগুলোতে বিভিন্ন ছাত্র সংগঠন, চলচ্চিত্র সংগঠন, চলচ্চিত্রকর্মী, নাট্যকর্মী, মানবাধিকার কর্মী সহ সকল শ্রেণীর পেশাজীবী সহ সকল শ্রেণীর বিভিন্ন পেশাজীবী মানুষজনও একত্মতা ঘোষণা করে। দেশের অন্যান্য জেলায়ও বিভিন্ন সংগঠন আমাদের সাথে সংহতি প্রকাশ করে বিভিন্ন কর্মসূচি পালন করে আমাদের দাবিগুলোকে দেশব্যাপী ছড়িয়ে দিয়ে গণদাবিতে রূপ দেয়। যার পরিপ্রেক্ষিতে যথাক্রমে শিপ্রা দেবনাথ এবং সাহেদুল ইসলাম সিফাত জামিন লাভ করে। আমরা মনে করি সিফাত-শিপ্রার জামিন লাভ, মেজর(অবঃ) সিনহা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের প্রথম ধাপ। নির্দোষ এই দুই চলচ্চিত্রকর্মীর মুক্তির জন্য ব্যক্তি পর্যায়ে কিংবা সাংগঠনিক পর্যায়ে যারাই কাজ করেছেন; অনলাইনে কিংবা অফলাইনের কার্যক্রমে অংশগ্রহণ করে যারা এই আন্দোলন বেগবান করেছেন তাদের সবাইকে আজ আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই সকল গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে, যাদের বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পেয়েছে, আমাদের কথা প্রতিনিয়ত গণমানুষ পর্যন্ত পৌঁছে গিয়েছে।
সাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা দেবনাথের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, তাদের সার্বিক নিরাপত্তা বিধান নিশ্চিতকরন এবং মেজর (অবঃ) সিনহার হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের শাস্তির বিধান নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। উক্ত বিষয়াবলীর কোন ব্যত্যয় ঘটলে কিংবা প্রয়োজনবোধে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।
নিবেদন
ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিস অনুষদ
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ