21/08/2026
প্রেস বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক কমার্শিয়াল আরবিট্রেশন মুটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফেনী ইউনিভার্সিটির তিন শিক্ষার্থী
ফেনী ইউনিভার্সিটি: ভারতের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা 'VIII GD Goenka–CIArb International Commercial Arbitration Moot Competition 2026'-এ অংশগ্রহণের জন্য ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের তিন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
ফেনী ইউনিভার্সিটি ল মুটিং সোসাইটি (ফুলমস) এর সার্বিক প্রশিক্ষণে নির্বাচিত শিক্ষার্থীরা হলেন— ৩০তম ব্যাচের কাজী মহিবুল হক ও বিবি জুলেখা এবং ৩১তম ব্যাচের সানজিদা জান্নাত সায়িমা। তাঁরা এই প্রতিযোগিতায় ফেনী ইউনিভার্সিটি তথা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার আগে নির্বাচিত শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (অ্যাক্টিং) ড. মাসুদুল হক চৌধুরীর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে তিনও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "শিক্ষার্থীদের এমন অংশগ্রহণ আমাদের জন্য গৌরবের। আমরা তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনায় আন্তরিক শুভকামনা জানাই।"
উল্লেখ্য, Arbitration Moot হলো একটি অনুকরণীয় আইনি প্রক্রিয়া, যেখানে শিক্ষার্থীরা বাস্তব বাণিজ্যিক বিরোধের আদলে তৈরি কাল্পনিক ঘটনা নিয়ে আইনজীবী হিসেবে যুক্তি উপস্থাপন করেন। আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে অবস্থিত GD Goenka University-তে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে যুক্তরাজ্য, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় অংশ নেবে।
এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গবেষণা, আইনি বিশ্লেষণ ও যুক্তিতর্কের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের আইন শিক্ষার্থীদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।
প্রতিযোগিতায় ফেনী ইউনিভার্সিটির দলের কোচ ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আইন বিভাগের চেয়ারম্যান কাজী তাসনীম জাহান তানজি। তাঁর সঠিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে দলটি সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে।
আন্তর্জাতিক পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের আইনি চর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে ফেনী ইউনিভার্সিটির সুনাম বৃদ্ধি করবে।