24/08/2026
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে — বাউবি উপাচার্য
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও দর্শনের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে আজ ২৪ আগস্ট ২০২৬, সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা অফিসার্স ক্লাবের মিলনায়তনে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ও ঢাকা অফিসার্স ক্লাবের চেয়ারম্যান জনাব নাসিমুল গনি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
সম্মানিত অতিথির বক্তব্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন বাঙালি জাতির চেতনার অবিচ্ছেদ্য অংশ। তিনি এক হাতে বাঁশের বাঁশরি ও অন্য হাতে অগ্নিবীণা ধারণ করে অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। নজরুলের সাহিত্যকর্মে মানবতা, সাম্য, বিদ্রোহ ও অসাম্প্রদায়িকতার যে বার্তা রয়েছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।”
তিনি বলেন, জাতীয় কবির প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের পাশাপাশি তাঁর জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে আরও ব্যাপক চর্চা ও গবেষণা প্রয়োজন। নজরুলের আদর্শ, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।
বাউবি উপাচার্য আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম কেবল বাঙালি জাতির সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ নয়, বরং ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার এক অনন্য প্রেরণার উৎস। তাঁর আদর্শ ও দর্শন ধারণের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতিময় সমাজ বিনির্মাণে নতুন প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক জনাব এ বি এম আব্দুস সাত্তার।
আলোচনা পর্বে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ, সাম্য, বিদ্রোহ এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, নজরুলের সাহিত্য ও সংগীত আজও বাঙালি জাতির চেতনা ও প্রেরণার এক অনন্ত উৎস। তাঁর মানবিক, অসাম্প্রদায়িক ও সাম্যের দর্শন একটি ন্যায়ভিত্তিক, প্রগতিশীল ও সম্প্রীতিময় সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পরে জাতীয় কবির কালজয়ী গান, কবিতা ও সাহিত্যকর্মের নির্বাচিত অংশ পরিবেশনের মধ্য দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস রিলিজ
তারিখ: ২৪ আগস্ট ২০২৬
তথ্য ও গণসংযোগ বিভাগ, বাউবি।
#বাউবি bou.ac.bd https://www.facebook.com/Bdopenuniversity/