22/05/2026
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ভূতত্ত্ব বিভাগের আয়োজনে “Gas and Mineral Resources in Bangladesh and Its Job Opportunities” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কনফারেন্স রুমে আয়োজিত এ সেমিনারে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূইয়া। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন পেট্রোবাংলার স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিভিশনের জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ শাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মৃণাল কান্তি রায় চৌধুরী, ওয়াহিদা আক্তার ও লেকচারার ইসরাত জাহান ইভা। সভাপতিত্ব করেন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হোসেন।
সেমিনারে বাংলাদেশের গ্যাস ও খনিজ সম্পদের সম্ভাবনা, জ্বালানি খাতের ভবিষ্যৎ, শিল্পায়ন এবং এ খাতে কর্মসংস্থানের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা, গবেষণামুখী শিক্ষা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সম্পদ ব্যবস্থাপনায় দক্ষ ভূতত্ত্ববিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রাণবন্ত আলোচনা ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘটে।