Jatiya Kabi Kazi Nazrul Islam University

Jatiya Kabi Kazi Nazrul Islam University This is the official page of Jatiya Kabi Kazi Nazrul Islam University. It is a public university of Bangladesh. It was established in 2006.
(1)

It is located at Trishal Upazila, Mymensingh.

31/08/2026
প্রেস বিজ্ঞপ্তিজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েরট্রেজারার পদে প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা-এর যোগদান (নজরুল...
30/08/2026

প্রেস বিজ্ঞপ্তি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের
ট্রেজারার পদে প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা-এর যোগদান

(নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে যোগদান করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। তিনি ৩০ আগস্ট ২০২৬ তারিখ রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কক্ষে যোগদানপত্রে স্বাক্ষর করার মাধ্যমে যোগদান কার্যক্রম সম্পন্ন করেন। এসময় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নবনিযুক্ত ট্রেজারারকে আন্তরিক অভিনন্দন জানান। এর মধ্যদিয়ে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৯ম এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অভ্যন্তরীণ শিক্ষকবৃন্দের মধ্য থেকে প্রথম ট্রেজারার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট ২০২৬ তারিখ বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন, ২০০৬-এর ১২ (১) ধারা অনুযায়ী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা- কে এই বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ-এর মধ্যে যা পূর্বে ঘটে সেই পর্যন্ত তাঁকে নিয়োগ প্রদান করেন।

যোগদানকৃত ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বিশ্ববিদ্যালয়ে যোগদান শেষে যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্য, ‘চির উন্নত মম শির’, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক ২০০৬ সালের ২৫ মে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের সামনে উদ্বোধনকৃত ফলকের বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. তানজিল হোসেন, চারুকলা অনুষদের ডিন প্রফেস ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান, বিভাগীয় ও দপ্তর প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি যশোর বোর্ড হতে এস এস সি ও এইচ এস সি পাশ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক (সম্মান) (১৯৮৫) ও স্নাতকোত্তর (১৯৮৬) সম্পন্ন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) হতে ‘কালচার সেনসিটিভ মেটারিয়ালস ডিজাইন ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইন বাংলাদেশ’ (Culture Sensitive Materials Design for English Language Teaching in Bangladesh) বিষয়ে ২০০৪ সালে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালের ২৭ নভেম্বর সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৪ সালের ২০ জুন সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। এরপর ২০০৭ সালের ২৪ জুন তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০১০ সালের ৩ মার্চ সহযোগী অধ্যাপক, ২০১২ সালের ২৪ এপ্রিল অধ্যাপক এবং ২০২১ সালের ১ জুলাই অধ্যাপক গ্রেড-১ হিসেবে পদোন্নতি পান। তিনি ৩০ বছরের অধিক সময় শিক্ষকতা পেশার সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরবর্তী উপাচার্য ও ট্রেজারার শূন্য অবস্থায় প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটির সদস্য, বিভাগীয় প্রধান, পরিবহণ প্রশাসক, একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষক সমিতির সাধারণ-সম্পাদক (২বার), সহকারী প্রক্টরসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচারর্স অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ময়মনসিংহ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর ২০ টির বেশী গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের প্রসিদ্ধ জার্নালে প্রকাশিত হয়েছে। ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে তাঁর তত্ত্বাবধানে দুইজন পিএইচডি এবং দুইজন এমফিল গবেষণারত আছেন। তাঁর তত্ত্বাবধানে ২০টিরও বেশি এম এ থিসিস সম্পন্ন হয়েছে। তিনি বিভিন্ন জার্নালে সম্পাদক, প্রধান সম্পাদক ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর লেখা বিভিন্ন গণমাধ্যম, ম্যাগাজিন ও পুস্তকে প্রকাশিত হয়। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন।

স্বাক্ষরিত/-
(এস এম হাফিজুর রহমান)
অতিরিক্ত পরিচালক
জনসংযোগ দপ্তর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
ত্রিশাল, ময়মনসিংহ

প্রেস বিজ্ঞপ্তিনজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় ৩ দিনব্যাপী কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালন(নজরুল বিশ্ববিদ্যালয়,...
27/08/2026

প্রেস বিজ্ঞপ্তি

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় ৩ দিনব্যাপী কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

(নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল): জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় তিন দিনব্যাপী পালিত হচ্ছে। বিদবটি পালনের প্রথম দিন ২৭ আগস্ট ২০২৬ তারিখ বৃহস্পতিবার (১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত নজরুল ভাস্কর্যে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় অনলাইনে যুক্ত হয়ে কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। এসময় কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কবির প্রতি শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান, নজরুল মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটি- ২০২৬এর আহ্বায়ক এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ তরিকুল ইসলাম জনি, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) ড. মোহা. আজিজুর রহমান, ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম, কর্মচারী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, কর্মচারী ইউনিয়নেসর সভাপতি হারুনুর রশিদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. হাবিবুর রহমান ও সদস্য-সচিব মামুন সরকার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম এবং বাদ যোহর দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফ্তি মো. আব্দুল হাকীম। ৫০তম নজরুল মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামী ৩০ আগস্ট ২০২৬ তারিখ বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে কবিতা আবৃত্তি ও হাম্দ-নাত প্রতিযোগিতা এবং ৩১ আগস্ট ২০২৬ তারিখ বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় কনফারেন্স কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্বাক্ষরিত/-
(এস এম হাফিজুর রহমান)
অতিরিক্ত পরিচালক
জনসংযোগ দপ্তর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

সংবাদ বিজ্ঞপ্তি নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী উদ্যাপিত: দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান(ত্রিশাল, নজরুল বিশ্ববিদ্...
24/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি

নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী উদ্যাপিত: দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান

(ত্রিশাল, নজরুল বিশ্ববিদ্যালয়): জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ১২৭তম নজরুল জয়ন্তী যথাযথ মর্যাদায় উদ্যাপন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। ২৪ আগস্ট ২০২৬ তারিখ সোমবার পুরনো প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় কনফারেন্স কক্ষে উদ্বোধন করা হয়। নজরুল জয়ন্তী উদ্যাপনে আন্তর্জাতিক নজরুল-বক্তৃতামালা, নজরুল পদক প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনকালে প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন তাঁর বক্তব্যের শুরুতে যাঁর নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও যিনি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং ভিত্তি প্রস্তর স্থাপনের মাত্র এক বছরের মাথায় উদ্বোধন করেছেন সেই সাবেক প্রধানমন্ত্রী. দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় জাতীয় কবির নামে হওয়ায় সকল ক্ষেত্রেই আলাদা সহযোগিতা পাচ্ছি। দেশের প্রায় ১৭০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছরে একাডেমিক ও অবকাঠামো সবদিকেই অনেক উন্নতি করেছে।’

তিনি আরও বলেন, ‘কবির জীবদ্দশায় কবিকে যথাযথ সম্মান দেখানো হয় নি। যার যতটুকু সম্মান প্রাপ্য, তাঁকে ততটুকু সম্মান দিতে হবে। আর প্রচারেই প্রসার, তবে কবি নজরুলের সৃষ্টিকর্মের তেমন প্রচার হয় নি। নজরুলের স্মৃতি ও অবদানকে স্মরণীয় করে রাখতে এই বিশ্ববিদ্যালয় ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। বাংলাদেশে নজরুল গবেষণার প্রাণকেন্দ্র হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে ১টি করে নজরুলের কোর্স পড়ানো হয়। নজরুলের প্রতিটি কথা/শব্দই গুরুত্বপূর্ণ। তাঁর গান, কবিতাসহ সৃষ্টিকর্মগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করা হলে তিনি নোবেল পুরস্কার পেতেন।’

নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃক নজরুল বিশ্ববিদ্যালয় সম্মাননা 'নজরুল পদক ২০২৬' একজন গবেষক ও একজন শিল্পীকে প্রদান করা হয়। গবেষণায় নজরুল-গবেষক আবদুল হাই শিকদারকে এই পদক প্রদান করেন প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। সংগীতে নজরুল-শিল্পী শবনম মুশতারীর পদক গ্রহণের কথা থাকলেও অসুস্থ্যতার কারণে তিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে পারেন নি। ফলে তাঁর পদক পরবর্তীতে তাঁর নিকট পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠানের এক পর্যায়ে নজরুল জয়ন্তী উপলক্ষ্যে প্রকাশিত ‘গাহি সাম্যের গান’ প্রকাশনার মোড়ক উম্মোচন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের মহাসচিব প্রকৌশলী রাশেদুল হাসান শেলী। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং স্বাগত বক্তব্য রাখেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

আন্তর্জাতিক নজরুল-বক্তৃতামালায় ৪টি অধিবেশনে মোট ৮টি প্রবন্ধ পাঠ করা হয়। প্রথম অধিবেশনে কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে বক্তৃতামালায় ‘স্মৃতিতে নজরুল : প্রসঙ্গ মুজফ্ফর আহ্মদের কাজী নজরুল ইসলাম : স্মৃতিকথা’ প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. পারভীন আক্তার জেমী ও ‘কাজী নজরুল ইসলামের সাহিত্যে আত্মদর্শন’ প্রবন্ধ উপস্থাপন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ। আলোচনা করেন যথাক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ড. কল্পনা হেনা রুমি ও কুমিল্লার নজরুল-গবেষক ও এনজিও কর্মী পীযূষ কুমার ভট্টাচার্য্য। সঞ্চালনা করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. তানিয়া আক্তার।

দ্বিতীয় অধিবেশনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদার সভাপতিত্বে বক্তৃতামালায় ‘কাজী নজরুল ইসলাম এন্ড দি ডেমেক্রেটাইজেশন অব দি বেঙ্গল রেনেসাঁস’ প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট অব ইকোনোমিকস বিভাগের খণ্ডকালীন শিক্ষক শামস আরেফিন ও ‘দি লিটারেরি ফ্রেন্ডশীপ এন্ড আইডিওলজিক্যাল ব্রাদারহুড অব কাজী নজরুল ইসলাম এন্ড আবুল মনসুর আহমেদ’ প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর মোহাম্মদ। আলোচনা করেন যথাক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ আল মুক্তাদির ও ডেইলি স্টারের লিটারেরি এডিটর ইমরান মাহফুজ। সঞ্চালনা করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল এহসান।

তৃতীয় অধিবেশনে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)এর সভাপতিত্বে বক্তৃতামালায় ‘মাহে নও সচিত্র মাসিক পত্রিকায় নজরুলচর্চা’ প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল আলীম ও ‘ নজরুল কাব্যে সামাজিক, রাজনৈতিক ও সাহিত্যিক বিদ্রোহ’ প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহযোগী অধ্যাপক গাউসুর রহমান। আলোচনা করেন যথাক্রমে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. তপন কুমার রায়। সঞ্চালনা করেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম।

চতুর্থ অধিবেশনে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট নজরুল-গবেষক এবং ফ্যাকাল্টি প্রফেসর ড. রশিদুন্ নবীর সভাপতিত্বে বক্তৃতামালায় ‘প্রমিত সুর ও বাণী: নজরুল সংগীতের জীবনী-শক্তি’ প্রবন্ধ উপস্থাপন করেন (অনলাইনে) ভারতের আগরতলার বিশিষ্ট নজরুল-গবেষক ও নজরুল সংগীত প্রশিক্ষক শিল্পী মায়া রায় ও ‘ভারতীয় প্রাদেশিক ভাষায় নজরুলের ভাষান্তর: অনুবাদতত্ত্ব ও সমাজতত্ত্ব’ প্রবন্ধ উপস্থাপন করেন (অনলাইনে) ভারতের কলকাতার বিশিষ্ট নজরুল- গবেষক ড. শেখ মকবুল ইসলাম। আলোচনা করেন যথাক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী এবং সহযোগী অধ্যাপক ড. আশিক সরকার। সঞ্চালনা করেন বাংলাভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. তানিয়া আক্তার।

সন্ধ্যায় নবনির্মিত টিএসসি ভবনের দ্বিতীয় তলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশিত হয়। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনব্যাপী ১২৭তম নজরুল জয়ন্তীর অনুষ্ঠানমালা।

উল্লেখ্য কবির জন্মদিনে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় বিশ্ববিদ্যায় কর্তৃপক্ষ সংক্ষিপ্তাকারে নজরুল জয়ন্তী উদ্যাপন করেন। কবির প্রতি শ্রদ্ধা জানাতে ২৫ মে ২০২৬ (১১ জ্যৈষ্ঠ ১৪৩৩) সোমবার বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ হতে ‘নজরুল ভাস্কর্যে’ পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। এসময় ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন এবং নজরুল গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার সাথে ছিলেন।

স্বাক্ষরিত/-
(এস এম হাফিজুর রহমান)
অতিরিক্ত পরিচালক
জনসংযোগ দপ্তর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
ত্রিশাল, ময়মনসিংহ

23/08/2026

Address

Trishal
Mymensingh
2224

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Jatiya Kabi Kazi Nazrul Islam University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share