19/02/2026
|| আইন ও মানবাধিকার বিভাগের আয়োজনে 'আইনের আঙিনায় বসন্ত উৎসব' পালিত ||
বসন্তের আগমনী বার্তাবাহী দক্ষিণা বাতাসের স্নিগ্ধ আবেশে গত ১৭ই ফেব্রুয়ারি ২০২৬, বাংলা ৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আইন ও মানবাধিকার বিভাগের আয়োজনে ‘আইনের আঙিনায় বসন্ত উৎসব’ শিরোনামে বসন্তবরণ উৎসব পালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানীত রেজিস্ট্রার মহোদয় লে. কর্ণেল (অবঃ) মোহাম্মদ খালেদ বিন ইউসুফ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা আবু জাফর মোঃ সাদি (সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ), আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। আইন ও মানবাধিকার বিভাগের সম্মানীত কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মোঃ ওয়াহিদ স্যারের বক্তব্যের মাধ্যমে সকাল ১০ ঘটিকায় শুরু হয়ে এই অনুষ্ঠানে মধ্যাহ্ন পর্যন্ত প্রারম্ভিক পর্ব চলে। বক্তব্যে সম্মানীত কো-অর্ডিনেটর স্যার বসন্তের আগমনের এই সময়ে আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষার্থীদের মধ্যে নতুন করে প্রাণ-সঞ্চারনের বার্তা দেন। এসময়ে তিনি মানবপ্রেম, প্রকৃতিপ্রেম এবং দেশপ্রেমের মহাত্মের উপরে গুরুত্ব দেন এবং শিক্ষার্থীদেরকে ন্যায় ও যুক্তির আলোকে সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে সম্মানীত রেজিস্ট্রার মহোদয় বাংলাদেশের প্রেক্ষাপটে সংস্কৃতি চর্চার গুরুত্ব বর্ননা করেন এবং সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদেরকে দেশপ্রেম, একতা, নৈতিক চরিত্র ও বিশ্ববিদ্যালয়ের অখন্ডতাকে সমুন্নত রাখার জন্য অনুপ্রেরণা দেন।
বসন্তের এই আয়োজনে বালিশ বদল (পিলো পাসিং) এবং হাড়ীভাঙার মত ঘরোয়া খেলাধুলার এক আসর বসে যেখানে শিক্ষক শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল। এর পরে নামাজ ও মধ্যাহ্নভোজন বিরতি দিয়ে অপরাহ্ণ পর্যন্ত দুই পর্বের এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগন একক ও দলীয় গান, নাচ, আবৃত্তি, নাটক ও র্যাম্প শো এর মত ললিতকলায় নিজেদের পারদর্শীতা দ্বারা অনুষ্ঠানটিকে উপভোগ্য করে তোলেন। সবশেষে পুরষ্কার বিতরণী ও বিভাগের সম্মানীত কো-অর্ডিনেটর স্যারের সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে গোধূলিলগ্নে এই উৎসবের সমাপ্তি ঘটে।