25/08/2026
আল্লাহর শুকরিয়া ও আম্মুর সুস্থতা
হে আল্লাহ! আপনি আমাদের জীবনে যে অগণিত নেয়ামত দান করেছেন, প্রকাশ্য-অপ্রকাশ্য, জানা-অজানা—সকল নেয়ামতের জন্য আমরা সর্বাবস্থায় আপনার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আম্মুর অসুস্থতার কঠিন সময়গুলোতে আমরা বুঝেছি—সুস্থতা কত বড় নেয়ামত, স্বাভাবিকভাবে একটু হাসতে পারা কত বড় নেয়ামত, প্রিয় মানুষটির মুখে দু’টি কথা শুনতে পারা কত বড় নেয়ামত।
হে আমার রব! আপনি যেই নেয়ামতগুলো একসময় আমাদের কাছ থেকে সাময়িকভাবে নিয়ে নিয়েছিলেন, আপনার অসীম রহমতে সেগুলো ধীরে ধীরে আবার ফিরিয়ে দিচ্ছেন। অসুস্থতা থেকে সুস্থতার দিকে, দুর্বলতা থেকে শক্তির দিকে, অশান্তি থেকে স্বস্তির দিকে—আমার আম্মুকে আপনি ধীরে ধীরে ফিরিয়ে দিচ্ছেন।
এই ফিরে পাওয়া আমাদের কাছে শুধু সুস্থতা নয়—এ যেন আপনার পক্ষ থেকে নতুন করে দেওয়া এক মহামূল্যবান উপহার। তাই চোখের পানি, কৃতজ্ঞ হৃদয় আর কাঁপা কণ্ঠে বলি—
হে আল্লাহ, আপনার শুকরিয়া আদায় করার মতো শুকরিয়া আমরা আদায় করতে পারি না। আপনি আমাদের প্রতি যে দয়া করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।
হে আল্লাহ! আমার আম্মুর যে সুস্থতা আপনি ফিরিয়ে দিচ্ছেন, তা পূর্ণ সুস্থতায় পরিণত করুন। তাঁর শরীরের প্রতিটি কষ্ট দূর করে দিন, তাঁকে দীর্ঘ নেক হায়াত দান করুন এবং আমাদের মাথার ওপর তাঁর ছায়া দীর্ঘদিন অটুট রাখুন।
হে আল্লাহ, বিপদের সময় যেমন আপনার ওপর ভরসা করেছি, সুস্থতার সময়ও যেন আপনাকে ভুলে না যাই। আপনার প্রতিটি নেয়ামতের কদর করতে পারি এবং প্রতিটি অবস্থায় বলতে পারি—
“আলহামদুলিল্লাহি ‘আলা কুল্লি হাল।”
আলহামদুলিল্লাহ—আমার আম্মুর সুস্থতার প্রতিটি ছোট্ট অগ্রগতিও আমাদের জন্য একেকটি বড় নেয়ামত।
হে আল্লাহ, এই নেয়ামত পূর্ণতা দান করুন। আমিন, ইয়া রব্বাল আলামিন। 🤲❤️