05/04/2020
তাবলীগ জামাতে আসা ব্যক্তি করোনায় আক্রান্ত, সিংগাইর পৌর এলাকা লকডাউন
রবিবার, ৫ই এপ্রিল, ২০২০ সকাল ০৯:৩০
মানিকগঞ্জের সিংগাইরে এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এঘটনায় সিংগাইর পৌর এলাকা লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
করোনা আক্রান্ত ওই ব্যক্তি ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাসিন্দা। তিনি সিংগাইর পৌর এলাকার আজিমপুর নয়াডাঙ্গী বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দা ওয়াহ মাদ্রাসায় তাবলীগ জামাতে এসেছিলেন।
রবিবার (৫ই এপ্রিল) সকালে, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪শে মার্চ থেকে ১২ সদস্যের একটি তাবলীগ জামাতের দল ওই মাদ্রাসায় অবস্থান করছিলেন। এদের মধ্যে ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তিনি তার এক আত্মীয়ের সঙ্গে ঢাকায় আইইডিসিআরে গিয়ে পরীক্ষা করান। পরে তার শরীরে করোনা উপস্থিতি পাওয়া গেলে তাকে আইইডিসিআরের তত্ববধায়নে রাখা হয়েছে। ওই ব্যক্তির সঙ্গে থাকা অন্যান্য ১১ সদস্য ও স্থানীয় ৬ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
তিনি আরও জানান, শনিবার রাতে ১২টার দিকে আইইডিসিআর থেকে তার করোনায় আক্রান্তের খবর জানানো হয়। এঘটনায় সিংগাইর পৌরসভা এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।