23/08/2026
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এ স্কলারশীপ পেল উইমেন্স মডেল কলেজের ৬ মেধাবী শিক্ষার্থী:
হোস্টেল সুবিধাসহ সিলেটের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নারী শিক্ষা প্রতিষ্ঠান উইমেন্স মডেল কলেজের ৬ জন মেধাবী শিক্ষার্থী চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে অধ্যয়নের জন্য প্রায় ৭৫ লক্ষ টাকার (৬০ হাজার মার্কিন ডলার) মর্যাদাপূর্ণ বৃত্তি পেয়েছে। ইউনিভার্সিটির ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান গত ১৮ আগস্ট তাদেরকে চিঠি দিয়ে বৃত্তি প্রাপ্তির কথা নিশ্চিত করেন।
এই স্কলারশীপের আওতায় তারা আগামী ৪ বছর এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন হতে গ্রাজুয়েশন সম্পন্ন করার সুযোগ পাবে। চার বছর মেয়াদি এই বৃত্তির আওতায় তারা প্রতি বছর পাবে ১৫ হাজার মার্কিন ডলার, যা তাদের উচ্চশিক্ষার সম্পূর্ণ ব্যয় বহনে সহায়তা করবে। এ বছর AUW Maths & Science Summer School 2026 প্রোগ্রামে ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত হয়ে উইমেন্স মডেল কলেজের ১০ জন শিক্ষার্থী সেভরন বাংলাদেশের স্পন্সরশীপে অংশগ্রহণ করে। সফলভাবে প্রোগ্রাম সম্পন্ন করার পরই তাদের সামনে উন্মুক্ত হয় আন্তর্জাতিক উচ্চশিক্ষার এই বড় সুযোগ। বিভিন্ন পরীক্ষা ও সারা মাসের কার্যক্রমের পারফরম্যান্স বিবেচনায় এ বছর এ প্রোগ্রাম থেকে AUW শতাধিক শিক্ষার্থীর মধ্য হতে ৭ জন শিক্ষার্থীকে এই মর্যাদাপূর্ণ বৃত্তি প্রদান করে। এদের মাঝে ৬ জনই উইমেন্স মডেল কলেজের শিক্ষার্থী। স্কলারশীপ প্রাপ্ত উইমেন্স মডেল কলেজের শিক্ষার্থীরা হলো: ১. নাফিসা সাব্বির চৌধুরী আনিকা, ২. আয়শা সিদ্দিকা, ৩. সোহানা আক্তার, ৪. মুমতাহিনা তানহা, ৫. মেরিন জামান রুহি ও ৬. সুমাইয়া খান রুবাইয়া। অন্য যে শিক্ষার্থী এ মর্যাদাপূর্ণ স্কলাশীপ পেয়েছে সে হচ্ছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবস্থিত জহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি। তাছাড়া এ বছর মর্যাদাপূর্ণ এওয়ার্ড Emerging Women Leader in STEM অর্জন করতে সক্ষম হয় উইমেন্স মডেল কলেজের শিক্ষার্থী কুহেলি দাস ও সুহানা আক্তার।
উইমেন্স মডেল কলেজের শিক্ষার্থীদের এ অভূতপূর্ব সাফল্যে কলেজ অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার ও ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আহমদ লস্কর এক যৌথ বিবৃতিতে মহান রবের নিকট শুকরিয়া আদায় করেন এবং স্কলারশীপ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখ্য গত বছরও এই প্রোগ্রামের আওতায় উইমেন্স মডেল কলেজ এর শিক্ষার্থী তছলিমা ও বুশরা স্কলারশীপ পেয়ে এ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে।