22/08/2026
‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে টুরকু হাঁসদা লপসা হেমরম মহাবিদ্যালয়ে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠান
মল্লারপুর, বীরভূম: দেশের ৮০তম স্বাধীনতা দিবস ও বন্দেমাতরম্ দেশাত্মবোধক গানের সার্ধশতবর্ষকে সামনে রেখে রাজ্যব্যাপী ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে টুরকু হাঁসদা লপসা হেমরম মহাবিদ্যালয়ে ৯ থেকে ১৭ আগস্ট ২০২৬ পর্যন্ত বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক, ক্রীড়া, দেশাত্মবোধক ও সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কলেজের জাতীয় ক্যাডেট কর্পস, জাতীয় সেবা প্রকল্প, শারীরশিক্ষা বিভাগ, উন্নত ভারত অভিযান, সাংস্কৃতিক কমিটি এবং শিক্ষক পরিষদ যৌথভাবে, অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ কক্ষ-এর সহযোগিতায় এই কর্মসূচিগুলি পরিচালনা করা হয়েছিল। ৯ আগস্ট অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী বৃন্দ, ছাত্রছাত্রী নিজের আবাসন থেকে তিরঙ্গা সাথে সেলফি তুলে পোর্টালে আপলোড করা, ১০ আগস্ট আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা, ১১ আগস্ট ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়-এর সহযোগিতায় মাদকবিরোধী জনসচেতনতা কর্মসূচি, ‘১০ কোটি মাদকমুক্ত শপথ মেগা অভিযান’ এবং সাইকেল র্যালির মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত জীবনযাপনে উদ্বুদ্ধ করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি, ১২ আগস্ট কলেজ চত্বরে তেরঙ্গা-থিমযুক্ত বৃহৎ রঙ্গোলি তৈরির প্রতিযোগিতার মাধ্যমে দেশপ্রেম ও সৃজনশীলতার প্রকাশ, ১৩ আগস্ট ‘বন্দেমাতরম্: একটি নিরপেক্ষ মূল্যায়ন’ সম্পর্কে বিশেষ বক্তৃতা (বক্তব্য রাখেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. অমিত কুমার চক্রবর্তী) ও দেশাত্মবোধক পোস্টার প্রতিযোগিতার, ১৪ আগস্ট সাংস্কৃতিক কমিটির উদ্যোগে দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয় (বলাই বাহুল্য, এই দিনে দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস-এর ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে বিশেষ বক্তব্য রাখেন ইতিহাসের সহযোগী অধ্যাপক ড. সুমন মুখার্জি)।
১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, ১৫০ কণ্ঠে ‘বন্দে মাতরম্’-এর সমবেত পরিবেশন এবং তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবর্গ - ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের বিডিও স্যার, জয়েন্ট বিডিও ম্যাডাম, মহারাষ্ট্রের লাতুর জেলার মহাত্মা বাসবেশ্বর মহাবিদ্যালয়-এর প্রাক্তন অধ্যক্ষ মহাশয় ড. শ্রীকান্ত গায়কোয়াড়, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ সুনীল কুমার মন্ডল, নিশিম কুমার মণ্ডল প্রমুখ, কলেজের অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষাকর্মীবৃন্দ, ছাত্রছাত্রী এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য সহ স্থানীয় বাসিন্দার সক্রিয় অংশগ্রহনের দ্বারা কলেজ ক্যাম্পাস ও পার্শ্ববর্তী গ্রামীণ এলাকায় তিরঙ্গা র্যালির মাধ্যমে স্বাধীনতার চেতনা, জাতীয় ঐক্য ও দেশপ্রেমের বার্তা পৌঁছে দেওয়া হয়।
১৬ আগস্ট সকলের জন্য দেশাত্মবোধক স্বল্পদৈর্ঘ্য ভিডিও নির্মাণ প্রতিযোগিতা এবং ১৭ আগস্ট জাতীয় সেবা প্রকল্প -এর উদ্যোগে দত্তক নেওয়া ম্যানাজার পাড়া গ্রামে সমাজসেবামূলক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও গ্রামবাসীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, স্বেচ্ছাসেবা ও সম্প্রদায়ের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।
‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য, সামাজিক দায়বদ্ধতা এবং নাগরিক চেতনা আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে ৩০০-র অধিক সক্রিয় অংশগ্রহনকারীর মাধ্যমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনকে অর্থবহ করে তুলতে শুধু আনুষ্ঠানিকতা নয়, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, সচেতনতা ও সমাজসেবার মাধ্যমে স্বাধীনতার মূল্যবোধকে শিক্ষার্থীসহ জনসাধারণের জীবনের সঙ্গে যুক্ত করাই ছিল এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য।