29/09/2026
*বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার ও কর্মচারীদের ন্যায্য দাবিতে কলেজ স্ট্রিটে অবস্থান সমাবেশ*
আজ পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী যুক্ত সংগ্রাম পরিষদের আহ্বানে এবং রাজ্য বিশ্ববিদ্যালয় কর্মচারী, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও মধ্য শিক্ষা পর্ষদের কর্মচারী ও পেনশনার অ্যাসোসিয়েশনগুলির যৌথ উদ্যোগে কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে এক অবস্থান সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ রাহা, অসিত রায় ও সঞ্চিত মিত্রকে নিয়ে গঠিত সভাপতিমণ্ডলী সমাবেশ পরিচালনা করেন। বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার রক্ষা, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, আন্তঃবিশ্ববিদ্যালয় বদলি বিল প্রত্যাহার, সপ্তম বেতন কমিশনে অন্তর্ভুক্তি সহ কর্মচারী ও পেনশনারদের বিভিন্ন ন্যায্য দাবিতে এই সমাবেশ সংগঠিত হয়।
সমাবেশে রাজ্য বিশ্ববিদ্যালয় কর্মচারী যুক্ত সংগ্রাম পরিষদ ও সারা ভারত বিশ্ববিদ্যালয় কর্মচারী কনফেডারেশনের নেতৃত্বের পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও মধ্য শিক্ষা পর্ষদের কর্মচারী ও পেনশনার নেতৃত্বের পক্ষ থেকে কমরেড সোমনাথ সাহা, অসিত রায়, রূপক মাজিলা, প্রদীপ কুমার রায়, মৃণাল চৌধুরী, মনোজ সিং, অনিমেষ রায়, সুদীপ্ত ব্যানার্জি, জিতেন সিং ও অঞ্জন ঘোষ বক্তব্য রাখেন। সমাবেশকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক কমরেড বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী।
বক্তারা বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার হরণ, উচ্চশিক্ষার উপর ক্রমবর্ধমান সরকারি নিয়ন্ত্রণ, উচ্চশিক্ষার বেসরকারিকরণ, বাণিজ্যিকীকরণ ও সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং দু’দিন আগে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে সংঘটিত হামলার ঘটনাতেও বক্তারা ক্ষোভ প্রকাশ করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভয় ও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টার প্রতিবাদ জানান।
সমাবেশ থেকে স্পষ্টভাবে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার এবং কর্মচারী-পেনশনারদের ন্যায্য অধিকার কোনওভাবেই খর্ব হতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয় কর্মচারী সহ গ্রান্ট-ইন-এইড কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ও ন্যায্য পাওনা আদায়ের দাবিতে আগামী দিনে আরও বৃহত্তর ও তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
শিক্ষার স্বাধিকার রক্ষা, কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং উচ্চশিক্ষার বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণ-সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করার আহ্বানের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।