23/12/2024
আফসুর দীর্ঘ আন্দোলনের চাপে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে এবং মৌখিক প্রতিশ্রুতি আদায় করে যে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ইউনিয়নের পক্ষ থেকে ত্রিপাক্ষিক বৈঠকের দাবির কথা উপাচার্য জানালেও, শিক্ষামন্ত্রী এতে রাজি হননি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে যথাযথ সহায়তা মিললেও একথা স্পষ্ট যে ছাত্রসংসদ নির্বাচনের বিষয়ে এখনও পর্যন্ত শিক্ষামন্ত্রী উদাসীন।
এছাড়াও আফসুর দীর্ঘদিনের দাবি ছিল আই.সি.সি পুনর্গঠন এবং সেখানে ছাত্র প্রতিনিধির নির্বাচন। আগামী দশদিনের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আই.সি.সি ইলেকশন সংক্রান্ত আলোচনায় বসবে বলে জানিয়েছে।
ক্যাম্পাস নিরাপত্তার প্রশ্নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে এবং কিছুদিন পূর্বে, নিউ বয়েজ হোস্টেলে ঘটা একাধিক আপত্তিকর ঘটনা এবং প্রতিবন্ধী ছাত্রদের উপর আক্রমণের যথাযথ তদন্ত করতে নির্দিষ্ট কমিটি তৈরি হয়েছে। এই কমিটিকে আগামী সাতদিনের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও হোস্টেলের সুপারকে তদন্তের আওতায় আনা হয়েছে।
প্লেসমেন্ট সেল পুনর্গঠন ও সক্রিয়করণের দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিয়েছে। একজন অধ্যাপকের তত্ত্বাবধানে প্লেসমেন্ট সেল সচল করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে এবং প্লেসমেন্ট সেল সংক্রান্ত যথাযথ গাইডলাইন শীঘ্রই পেশ হবে বলে কথা দিয়েছে কর্তৃপক্ষ।
জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগে ঘটে যাওয়া ঘটনার নিস্পত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। বিভাগের অডিট পেশ থেকে শুরু করে অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নের দাবি মেনে নিলেও, এই সমস্ত কিছু কার্যকরী হওয়ার কোনো তারিখ এখনো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়নি।